Fake Treatment

অপারেশনে গাফিলতি! প্রয়োজনের বেশি স্ক্রু বসানোয় রোগীর যন্ত্রণা, ক্ষতিপূরণে নির্দেশ স্বাস্থ্য কমিশনের

স্বাস্থ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী শঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর ৭৭ বছর বয়সি মাকে চিকিৎসকের পরামর্শে পায়ের হাড়ের অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পার্ক সার্কাস
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৩

পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারের সময় প্রয়োজনের তুলনায় বেশি অংশে স্ক্রু বসিয়ে দেওয়ার অভিযোগে গাফিলতির প্রমাণ মিলেছে। অভিযোগ খতিয়ে দেখে রাজ্য স্বাস্থ্য কমিশন সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

স্বাস্থ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী শঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর ৭৭ বছর বয়সি মাকে চিকিৎসকের পরামর্শে পায়ের হাড়ের অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করেন। অস্ত্রোপচার চলাকালীন একটি গুরুত্বপূর্ণ যন্ত্রে ত্রুটি দেখা দেয় এবং সেই সময় পেশির একাংশ কেটে যায়। হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে ওই যন্ত্রের সাহায্যে অপারেশনের সময় এক্স-রে করে অবস্থান নিশ্চিত করা হয়। স্বাস্থ্য কমিশনের পর্যবেক্ষণ, সে সময় চিকিৎসক চাইলে পোর্টেবল এক্স-রে মেশিন ব্যবহার করতে পারতেন, কিন্তু তা না করে অপারেশন চালিয়ে যান।

অস্ত্রোপচারের পরের দিন এক্স-রে করে ফলাফল যাচাই না করেই রোগীকে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পরে রোগীর শারীরিক সমস্যা দেখা দিলে এক্স-রে করে জানা যায়, প্রয়োজনের চেয়ে বেশি জায়গা পর্যন্ত স্ক্রু ঢুকে গিয়েছে, যার ফলে তিনি ব্যথায় ভুগছেন। রোগীর বয়স বিবেচনায় নিয়ে চিকিৎসকেরা জানান, তাঁর পক্ষে আরেকটি অপারেশন সহ্য করা কঠিন।

অভিযুক্ত সার্জনের দাবি, হাসপাতালে পোর্টেবল এক্স-রে মেশিন ছিল না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কমিশনকে জানায়, মেশিন থাকলেও চিকিৎসক তা ব্যবহার করতে চাননি। সমস্ত দিক বিবেচনা করে স্বাস্থ্য কমিশন হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।


Share