Kolkata Municipal Corporation

হঠাৎ হার্ট অ্যাটাক, জলে ডুবে বিপদে কী করবেন! জরুরি পরিস্থিতি সামলাতে পুরকর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিল এনডিআরএফ

জরুরি পরিস্থিতিতে প্রাণ বাঁচানো শেখাতে কলকাতা পুরসভার কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিল এনডিআরএফ। সোমবার পুরসভার কনফারেন্স রুম ২-এ সিপিআর, উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়।

পুরসভার তরফে প্রশিক্ষণ দেওয়া হল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০৬:৩৬

বাড়িতে, অফিসে কিংবা রাস্তায় হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে কীভাবে প্রাথমিকভাবে তাঁর জীবন বাঁচানোর চেষ্টা করা যায়? হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কীভাবে দিতে হবে সিপিআর? এমনই একাধিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিল এনডিআরএফ। সোমবার কলকাতা পুরসভার কনফারেন্স রুম ২-এ এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ দেয় এনডিআরএফের দ্বিতীয় ব্যাটালিয়নের একটি দল।

এই শিবিরে সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন পদ্ধতির ব্যবহারিক প্রদর্শন করেন এনডিআরএফের আধিকারিকরা। হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কিংবা শ্বাস-প্রশ্বাস থেমে গিয়ে কেউ অচেতন হয়ে পড়লে কীভাবে দ্রুত প্রাথমিক সাহায্য দিতে হবে, তা পুরকর্মীদের শেখানো হয়। বয়স্কদের পাশাপাশি শিশুদের ক্ষেত্রে কীভাবে এই পদ্ধতি প্রয়োগ করতে হয়, তারও প্রশিক্ষণ দেওয়া হয়।

শুধু হৃদ্‌যন্ত্রের জরুরি পরিস্থিতিই নয়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, জলে ডুবে যাওয়া কিংবা প্রাকৃতিক দুর্যোগে গুরুতর আহত ব্যক্তিকে কীভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, সেই বিষয়গুলিও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিল। বন্যার সময় জলে ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করার বিভিন্ন পদ্ধতিও হাতে-কলমে দেখানো হয়। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স বা চিকিৎসকের সাহায্য পৌঁছোনোর আগে কীভাবে প্রাথমিক পদক্ষেপের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির জীবন রক্ষার চেষ্টা করা যায়, সে বিষয়েই কর্মীদের সচেতন করা হয়।

এনডিআরএফের কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সন্তোষ কুমার জানান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। যাতে কোনও বিপর্যয় বা জরুরি পরিস্থিতিতে আশপাশের মানুষ দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন এবং কারও জীবন বাঁচানোর চেষ্টা করতে পারেন।

অন্যদিকে, কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের আধিকারিক সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, প্রতি বছর এনডিআরএফের সহযোগিতায় এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে পুরসভা। বিপদের সময় কীভাবে জরুরি পরিস্থিতি সামলে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায়, সেই বিষয়ে পুরকর্মীদের দক্ষ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এদিনের শিবিরেও পুরসভার কর্মীরা নিজেরা হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন পদ্ধতি শেখেন।


Share