DGP of West Bengal

রাজ‍্য পুলিশের ডিজি হওয়ার দৌড়ে এগিয়ে প্রবীণ কুমার, সাতজন আইপিএস অফিসারের নাম ইউপিএসসির কাছে পাঠাল নবান্ন

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অপসারিত হন পীযূষ পান্ডে। তাঁর জায়গায় সিদ্ধনাথ গুপ্তকে রাজ‍্য পুলিশের ডিজি পদে বসায় নির্বাচন কমিশন।

রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০১

অক্টোবর মাসেই রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের দায়িত্ব শেষ হচ্ছে। নবান্ন সূত্রের খবর, ছ’জন সিনিয়র আইপিএস অফিসারের নাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) কাছে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দু’জন ১৯৯১ ব‍্যাচের, এক জন ১৯৯২ ব‍্যাচের, দু’জন ১৯৯৩ ব‍্যাচের এবং দু’জন ১৯৯৫ ব‍্যাচের আইপিএস অফিসার। তবে পুলিশ সূত্রের খবর, পরবর্তী রাজ‍্য পুলিশের ডিজি হওয়ার দৌড়ে প্রবীণ কুমার এবং নটরাজন রমেশবাবুর নাম চর্চায় রয়েছে।

‍বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অপসারিত হন পীযূষ পান্ডে। তাঁর জায়গায় সিদ্ধনাথ গুপ্তকে রাজ‍্য পুলিশের ডিজি পদে বসায় নির্বাচন কমিশন। গত ৩০ এপ্রিল এই সিনিয়র আইপিএস অফিসারের চাকরির মেয়াদ শেষ হয়েও তাঁর পদে থাকার মেয়াদ আরও চার মাস বৃদ্ধি করা হয়। আগামী অক্টোবর মাসে সিদ্ধনাথ গুপ্তের মেয়াদ শেষ হচ্ছে। তবে আর মেয়াদ বাড়ানো হবে না, বরং স্থায়ী ডিজি পদের জন‍্য পক্ষপাতী হয়েছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রের খবর, মোট আট জনের নাম আলোচনায় উঠে এসেছে। এঁরা হলেন ১৯৯১ ব‍্যাচের নটরাজন রমেশবাবু এবং অনুজ শর্মা। বাকি ১৯৯২ ব‍্যাচের সঞ্জয় সিংহ, ১৯৯৩ ব‍্যাচের প্রবীণ কুমার ও পীযূষ পান্ডে, ১৯৯৫ ব‍্যাচের জাভেদ শামিম ও অজয়মুকুন্দ রানাডে। নিয়ম অনুযায়ী, এই সাত জনের জনের মধ্যে তিন জনের নাম বেছে নেবে ইউপিএসসি। যোগ‍্যতা এবং সিনিয়রটির ওপরে ভিত্তি করেই তিন জনের নাম বেছে নিয়ে নবান্নকে পাঠানো হবে। তার পরেই রাজ‍্য সরকার তাঁদের মধ্যে একজনকে বেছে নেবেন।

পুলিশ সূত্রের খবর, রাজ‍্য পুলিশের ডিজি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রবীণ কুমার। তিনি পশ্চিমবঙ্গ ক‍্যাডারের আইপিএস অফিসার। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারও ছিলেন। পরে কেন্দ্রীয় ডেপুটেশনে চলে যান। তিনি বর্তমানে সীমান্তরক্ষী বাহিনীর ডিজি। রাজ‍্যে সীমান্ত সুরক্ষার দায়িত্ব তাঁর কাঁধেই রয়েছে। অনুপ্রবেশ বন্ধ করতে বাহিনীকে পরিচালনার গুরুদায়িত্ব তাঁর হাতেই রয়েছে। এমন পরিস্থিতিতে তাঁকে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ফিরিয়ে দেয় তবেই তা সম্ভব হবে বলে মনে করছে আইপিএস মহল। অন‍্য দিকে, নটরজন রমেশবাবুর নামও বেশ চর্চায় রয়েছে। তিনি বর্তমানে রাজ‍্য পুলিশের সিআইডি এবং সংশোধনাগারের ডিজি পদে রয়েছেন। গত কয়েক দিন আগে লালবাজারের মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠানে সিনিয়র আইপিএস রমেশবাবুকে প্রথম সারিতে বসতে দেখা যায়। তাই তাঁকে নিয়েও জল্পনা রয়েছে।

আবার ১৯৯৩ ব‍্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে নির্বাচনের আগে সরিয়ে দেয় কমিশন। তার আগে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার দায়িত্বে ছিলেন। ১৯৯১ ব‍্যাচের আইপিএস অফিসার অনুজ শর্মাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বেশ প্রচারের আলোয় ছিলেন। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁকে কলকাতার কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাঁকে আবার কলকাতা পুলিশের কমিশনার করা হয়। সম্প্রতি তারাতলা বিপর্যয়, নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়েছিল দমকল বাহিনী। দফতরের সুখ‍্যাতি করে একাধিক মন্তব‍্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছিলেন। তাই অনুজ শর্মাও রাজ‍্য পুলিশের ডিজি হওয়ার দৌড়ে রয়েছেন বলে পুলিশ মহলের একাংশ দাবি করছে।

অন‍্য দিকে, ১৯৯৫ ব‍্যাচের দুই আইপিএস অফিসার— জাভেদ শামিম বর্তমানে রাজ‍্য পুলিশের এসটিএফের ডিজি পদে রয়েছেন এবং অজয়মুকুন্দ রানাডে আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। তবে এই দু’জনের নাম রীতি মেনে পাঠানো হলেও সিনিয়রটির ভিত্তিতে অনেকটাই শেষে রয়েছেন।


Share