Anik Dutta

দুর্ঘটনা না আত্মহত্যা! দক্ষিণ কলকাতায় পরিচালক অনীক দত্তের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ

কেন তিনি ছাদে উঠেছিলেন, তা এখনও পরিষ্কার নয়। পরিচালকের স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি হাসপাতালে রয়েছেন এবং এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চান না।

প্রখ্যাত চিত্র পরিচালক অনীক দত্ত
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৬:১৮

দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু ৬৩ বছর বয়সের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের। গুরুতর অবস্থায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি আত্মহত্যা দুই দিকই তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ।

গড়িয়াহাট থানার সূত্রে খবর, অনীক দত্ত ১১ নম্বর হিন্দুস্থান পার্কের বাসিন্দা। যদিও তিনি গড়িয়াহাট সংলগ্ন একটি আবাসনে থাকতেন, বুধবার স্ত্রী সন্ধি দত্তের হিন্দুস্থান পার্কের ফ্ল্যাটে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি পড়ে যান বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। কেন তিনি ছাদে উঠেছিলেন, তা এখনও পরিষ্কার নয়। পরিচালকের স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি হাসপাতালে রয়েছেন এবং এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চান না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন অনীক দত্ত। পাশাপাশি মানসিক অবসাদেও ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সেই কারণেই আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ঘটনাস্থল ঘিরে রেখেছে গড়িয়াহাট থানার পুলিশ ও হোমিসাইড শাখার আধিকারিকেরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিচালকের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। হাসপাতালে পৌঁছে যান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা জিতু কামাল, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র এবং প্রযোজক ফিরদৌসুল হাসান-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার ময়নাতদন্ত হবে পরিচালকের। তাঁর মেয়ে কলকাতায় পৌঁছনোর পর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালনায় আসার আগে প্রায় দুই দশক বিজ্ঞাপনের জগতে কাজ করেছিলেন অনীক দত্ত। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ভূতের ভবিষ্যৎ ছবির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ভৌতিক কাহিনির আড়ালে রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গচিত্র তুলে ধরার জন্য ছবিটি বিশেষ প্রশংসিত হয়েছিল। পরে তিনি আশ্চর্য প্রদীপ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। এ ছাড়াও তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মেঘনাদ বধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু এবং অপরাজিত।


Share