IPS Transfers

বেলডাঙায় অশান্তির জের, সরিয়ে দেওয়া হল জেলা পুলিশ সুপারকে, কলকাতা পুলিশেও রদবদলের সিদ্ধান্ত নবান্নের

নিউ টাউনের ডিসি ছিলেন শচীন। তাঁকে শিলিগুড়ির ডাবগ্রামে র‍্যাফের কমান্ডিং অফিসার করা হয়েছে। চন্দ্রশেখর বর্ধনকে হোমগার্ডের এসপি করা হয়েছে। অম্লানকুসুম ঘোষকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (উত্তর) করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১

আবার পুলিশের শীর্ষ স্তরে রদবদল করল নবান্ন। শনিবার নবান্ন ২৭ জন আইএএস অফিসারের বদলির নির্দেশ জারি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, মুর্শিদাবাদ এবং কলকাতার ডেপুটি কমিশনার (দক্ষিণ)। মুর্শিদাবাদের জেলা পুলিশের সুপার কুমার সানি রাজকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে রাজ‍্য পুলিশের আইবিতে। নতুন এসপি হয়েছেন ধৃতিমান সরকার। ধৃতিমান এর আগে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের এসপি ছিলেন। অন‍্যদিকে, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) প্রিয়ব্রত রায়কেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় বদলি এসেছেন দীপক সরকার। তিনি ডেপুটি কমিশনার (উত্তর) ছিলেন। প্রিয়ব্রত রায়কে বারাসতের এসপি করা হয়েছে। কলকাতার ডেপুটি কমিশনার (উত্তর) পদে এসেছেন দীনেশ কুমার। দীনেশ এর আগে বনগাঁর এসপি ছিলেন।

মুর্শিদাবাদ ছাড়াও বিধাননগর কমিশনারেট, বারাসতেও পুলিশের শীর্ষস্তরে পরিবর্তন আনা হয়েছে। গত কয়েক দিন আগে মেসিকান্ডের পরে বিধাননগর জোনের ডেপুটি কমিশনার অনীশ সরকারকে সাসপেন্ড করে দেওয়া হয়। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পুষ্পাকে। পুষ্পা এর আগে হাওড়ার রেল পুলিশের সুপার ছিলেন। জ‍্যোর্তিময় রায়কে বিধাননগরের নিউ টাউন জোনের ডেপুটি কমিশনার করা হয়েছে। শুক্রবারের নির্দেশিকায় অমিত পি জাভালগিকে চন্দননগর কমিশনার থেকে সরিয়ে বর্ধমান রেঞ্জের আইজি করা হয়েছিল। শনিবারের নির্দেশিকায় তা বাতিল করে বারাসত রেঞ্জের আইজি করা হয়েছে। অলোক রাজোরিয়াকে বর্ধমান রেঞ্জের আইজি করা হয়েছে। তিনি এর আগে বারাসত রেঞ্জের ট্রাফিকের ডিআইজি ছিলেন।

কিছু আগে বনগাঁয় সভা শেষ করে বাড়ি উদ্দেশ্যে আসছিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসতে গিয়ে বারাসত মেডিকেলের সামনে রোগীর পরিজনদের বিক্ষোভের মুখে পড়েন। তাঁদের অভিযোগ ছিল, হাসপাতাল থেকে মৃতদেহের চোখ চুরি হয়ে গিয়েছে। ঘটনার তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে জানান তাঁরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় গাড়ি থেকে মাইক নিয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিতে হয়। তার পরে বিক্ষোভ ওঠে। সেই ঘটনার পরে রাজ‍্য সরকারের ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলে। শনিবারের নবান্নের নির্দেশিকায় বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া বদলি করে দেওয়া হয়েছে। তার জায়গায় এলেন প্রিয়ব্রত রায়। তিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) ছিলেন। প্রতীক্ষা ঝাড়খারিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ের পুলিশ সুপার করে। প্রবীণ প্রাকাশ দার্জিলিংয়ের পুলিশ সুপার পদ থেকে ব‍্যারাকপুরের বাহিনীতে কমান্ডিং অফিসার করে পাঠানো হয়েছে।

শুক্রবার কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রতিম সরকার। মনোজকুমার বর্মাকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। তার পরের দিনই কলকাতা পুলিশের একাধিক ডিসিকে বদলি করে দেওয়া হয়েছে। দীপক সরকার গিয়েছেন ডেপুটি কমিশনার (দক্ষিণ) হয়ে। ডেপুটি কমিশনার (পূর্ব) অরিশ বিলালকে রাজ‍্য পুলিশের আইবিতে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় এসেছেন যশপ্রীত সিংহ। তিনি এর আগে আইবিতে ছিলেন। বিদিশা কলিতা দাশগুপ্তকে ডেপুটি কমিশনার (দক্ষিণ শহরতলি, যাদবপুর) থেকে বদলি করে বনগাঁর এসপি করা হয়েছে। তাঁর জায়গায় এলেন চারু শর্মা। দীনেশ কুমারকে পাঠানো হয়েছে ডেপুটি কমিশনার (উত্তর) করে। ডেপুটি কমিশনার (পূর্ব শহরতলি) পদে অমিত বর্মাকে পাঠানো হয়েছে। তিনি এর আগে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর ডেপুটি কমিশনার ছিলেন।

নিউ টাউনের ডিসি ছিলেন শচীন। তাঁকে শিলিগুড়ির ডাবগ্রামে র‍্যাফের কমান্ডিং অফিসার করা হয়েছে। চন্দ্রশেখর বর্ধনকে হোমগার্ডের এসপি করা হয়েছে। অম্লানকুসুম ঘোষকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (উত্তর) করা হয়েছে। এর আগে ওই পদে ছিলেন বিশ্বচাঁদ ঠাকুর। তাঁকে সুন্দরবনের এসপি করা হয়েছে। হাওড়ার রেল পুলিশের সুপার (এসআরপি) করা হয়েছে ইন্দ্রজিৎ বসুকে। দেবর্শি দত্তকে শিয়ালদহ রেল পুলিশের সুপার করা হয়েছে। এর আগে সিআইডিতে ছিলেন তিনি। এর আগে ওই পদে ছিলেন জে মার্সি। তাঁকে সিআইডিতে পাঠানো হয়েছে। রাজনারায়ণ মুখোপাধ্যায়কে ব‍্যারাকপুরের ট্রাফিকের এসপি করা হয়েছে। প্রদীপকুমার যাদবকে উত্তরবঙ্গের আইবিতে বদলি করা হয়েছে। রাহুল গোস্বামীকে ব্যারাকপুরের বাহিনীতে পাঠানো হয়েছে।


Share