Prasanta Burman

নিউ টাউনের পাকড়াও ‘কীর্তিমান’ প্রশান্ত বর্মন, স্বর্ণব‍্যবসায়ীকে খুনের মামলায় অভিযুক্ত পুলিশের জালে

ইতিমধ্যেই সমাজমাধ‍্যমে ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রশান্ত রাস্তায় টলতে টলতে হাঁটছেন।পুলিশকে তাঁকে গ্রেফতার করার কথাও বলছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকেই প্রশান্ত বর্মনকে আটক করে ইকোপার্ক থানায় নিয়ে গিয়েছে।

অভিযুক্ত প্রশান্ত বর্মন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১০:৪১

স্বর্ণব‍্যবসায়ীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত বহিষ্কৃত ‘কীর্তিমান’ বিডিওকে আটক করা হয়েছে। তাঁকে নিউ টাউন থেকে আটক করা হয়েছে। সোমবার রাতে এক মদ‍্যপ অবস্থায় গাড়ি দিয়ে এক পথচারীকে ধাক্কা মেরেছেন। ওই পথচারী জখম হয়েছেন। তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে গিয়েছে। প্রশান্ত বর্মনকে আপাতত ইকোপার্ক থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার রাতে নিউটাউনের সার্চি মোড় সংলগ্ন এলাকায় প্রকাশ্য রাস্তায় মদ্যপ অবস্থায় দেখা গিয়েছে। সেখানে একটি গাড়ি দিয়ে এক পথচারীকে ধাক্কা মারে সে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করতেই উত্তেজিত হয়ে ওঠেন ‘কীর্তিমান’ প্রশান্ত। তিনি উপস্থিত সাধারণ মানুষকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলতেও দেখা গিয়েছে। ভিডিয়ো করতে গেলে ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ উঠেছে। ওই ব‍্যক্তির ভয়ঙ্কর পরিণতি হবে বলেও হুমকিও দেন।

ইতিমধ্যেই সমাজমাধ‍্যমে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রশান্ত রাস্তায় টলতে টলতে হাঁটছেন।পুলিশকে তাঁকে গ্রেফতার করার কথাও বলছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকেই প্রশান্ত বর্মনকে আটক করে ইকোপার্ক থানায় নিয়ে গিয়েছে। এই বিষয়ে বিধাননগরের পুলিশ কমিশনারকে দু’বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। মেসেজেরও কোনও উত্তর দেননি।

গত বছরের ২৯ অক্টোবর নিউ টাউন থানার যাত্রাগাছির খালধার থেকে সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। তাঁকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। ওই খুনের ঘটনায় বারাসত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মণ। সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। আগাম জামিনের নির্দেশ খারিজ করে ২২ ডিসেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে তিনি তা না করায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত। ওই অবস্থাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ। দীর্ঘ দিন ধরে প্রশান্ত ফেরার বলে দাবি করা হচ্ছে। যদিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাঁকে দেখা গিয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানিয়দের দাবি, এর মাঝে বেশ কয়েক বার নিউ টাউনের বাড়িতে প্রশান্তকে দেখা গিয়েছে। তবে পুলিশের দাবি তাঁকে পাওয়া যায়নি। এই দুর্ঘটনার পর, তাঁকে হাতেনাতে পুলিশ আটক করেছে।


Share