Suvendu Adhikari

অন্নপূর্ণা যোজনায় জুড়ল আরও লক্ষাধিক নাম, ১ জুলাই থেকে পাবেন তিন হাজার টাকা, ফলতা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর বক্তব্য, নতুন আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং সেই তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। ফলে তাঁরা আগামী ১ জুলাই জুন মাসের নির্ধারিত তিন হাজার টাকা পেয়ে যাবেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৭:৪৮

রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, গত ৩ জুন রাজ্যের ২৮ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও এক লক্ষ পাঁচ হাজার মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, নতুন আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং সেই তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। ফলে তাঁরা আগামী ১ জুলাই জুন মাসের নির্ধারিত তিন হাজার টাকা পেয়ে যাবেন।

যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে পারেননি, তাঁদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “কোনও চিন্তা করবেন না। এখনও যাঁরা বাকি রয়েছেন, তাঁরা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম পূরণ করুন। সরকারি আধিকারিকেরা আপনাদের সাহায্য করবেন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও সহযোগিতা করা হবে।”

অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আসন্ন রাজ্য বাজেট নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করা হবে। সেখানে যুবক-যুবতী, সরকারি কর্মচারী, শিক্ষিত চাকরিপ্রার্থী এবং কৃষকদের জন্য একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। যদিও বাজেট পেশের আগে বিস্তারিত জানাতে চাননি তিনি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় বিজেপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তবে প্রকল্পের জন্য প্রকাশিত ১২ পাতার আবেদনপত্র নিয়ে বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, আবেদন প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। যদিও সেই সমালোচনাকে গুরুত্ব না দিয়ে প্রকল্পের সুবিধা দ্রুত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার দিকেই জোর দিচ্ছে রাজ্য সরকার।


Share