Missing Girl

বস্ত্র বিতরণী অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয় নাবালিকা, পরিবারকে সঙ্গে নিয়ে দিনভর তল্লাশি, গভীর রাতে বউবাজার থেকে উদ্ধার

নাবালিকার পরিবার সূত্রের খবর, বাবা শম্ভু বেরা শিশুটির বিস্তারিত তথ্য দিয়ে পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন‍্যায় সংহিতার আইন অনুযায়ী তৎক্ষণাৎ মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে।

জোড়াবাগান থানা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ০৩:৩৫

মহালয়া হয়েছে। মহালয়া উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণীর আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিল এক নাবালিকা। তার পর থেকে সে আর বাড়িতেই ফেরেনি। থানায় অভিযোগ জানায়। মামলা দায়ের করে দিনভোর তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ওই নাবালিকা জোড়াবাগান থানা এলাকার ভাঙাবস্তির বাসিন্দা। বয়স সাত বছর। মহালায়ার দিন দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ওই এলাকার একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান শেষ হয়ে গেলেও নাবালিকা বাড়িতে আসেনি। এলাকায় খোঁজাখুঁজি করেও নাবালিকার খোঁজ মেলেনি। অবশেষে বাবার শম্ভু বেরা জোড়াবাগান থানার দ্বারস্থ হন।

নাবালিকার পরিবার সূত্রের খবর, বাবা শম্ভু বেরা শিশুটির বিস্তারিত তথ্য দিয়ে পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন‍্যায় সংহিতার আইন অনুযায়ী তৎক্ষণাৎ মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে হয়।

সূত্রের খবর, সিসি ক‍্যামেরার ফুটেজে কুমোরটুলি এলাকার নাবালিকাকে দেখা যায়। রবীন্দ্র সরণির এলাকা দিয়ে ধর্মতলাগামী হতে ওই নাবালিকাকে দেখা যায়। কিন্তু তার পর থেকে আর হদিশ মিলছিল না। বিষয়টি গুন্ডা দমন শাখার গোয়েন্দাদের জানানো হয়।

এর পরেই জোড়াবাগান থানার ওসি জয়দ্বীপ দাসের নেতৃত্বে গোটা এলাকায় তল্লাশি চলে। নাবালিকার বাবাকে গাড়িতে বসিয়ে চিৎপুর, কাশীপুরের এলাকায় তল্লাশি চালানো হয়। এমনকী, বরাহনগরে বাজারেও তল্লাশি চলে। আশেপাশের থানাগুলিতে নাবালিকার ছবি পাঠানো হয়।

জানা গিয়েছে, শনিবার মধ্যরাত ১টা নাগাদ বউবাজার থানা এলাকার তাঁর খোঁজ মেলে। থানায় শিশুকে এনে রাখা হয়। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের এক সদস্য জানান, “পুলিশের কাছে অভিযোগ করার পরেই তৎপরতা সঙ্গে কাজ করেছে। থানার শীর্ষ আধিকারিক ওঁর বাবাকে সঙ্গে নিয়ে শিশুটির খোঁজে বেরিয়েছিল। মেয়েকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছি।”


Share