Metro Railway Update

পুজোয় রাতভর মেট্রো, সপ্তমী থেকে নবমী গভীর রাত পর্যন্ত চলবে ব্লু ও গ্রিন লাইনের পরিষেবা

মহাপঞ্চমী থেকে দশমী পর্যন্ত ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনে বিশেষ পরিষেবা চালানো হবে। এর মধ্যে মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে ব্লু ও গ্রিন লাইনে রাতভর মেট্রো চলবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ০৩:০০

দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরোনো মানুষের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো। মহাপঞ্চমী থেকে দশমী পর্যন্ত ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনে বিশেষ পরিষেবা চালানো হবে। এর মধ্যে মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে ব্লু ও গ্রিন লাইনে রাতভর মেট্রো চলবে। বৃহস্পতিবার মেট্রো রেলের তরফে এই পরিষেবার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

ব্লু লাইনে মহাপঞ্চমী ও মহাষষ্ঠী, ১৫ ও ১৬ অক্টোবর, সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৮৪টি মেট্রো চলবে। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। মহাসপ্তমী থেকে মহানবমী, অর্থাৎ ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর, দুপুর ১টা থেকে পরের দিন ভোর ৪টা পর্যন্ত চলবে মোট ২৪৮টি মেট্রো। এই সময়েও ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো চলবে। শেষ পরিষেবা ভোর ৩টা ৪৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে এবং ৩টা ৪৮ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে। এছাড়াও ভোর ৪টা পর্যন্ত দমদম ও মহানায়ক উত্তম কুমারের দিকেও পরিষেবা থাকবে। দশমীতে, ২১ অক্টোবর, দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৪০টি মেট্রো চলবে।

গ্রিন লাইনে ১৫ ও ১৬ অক্টোবর সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ২৪০টি মেট্রো চলবে। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। সপ্তমী থেকে নবমী, ১৭ থেকে ২০ অক্টোবর, দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরের দিন ভোর ৩টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৯২টি পরিষেবা চালানো হবে। এই সময়ে ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টা ৫২ মিনিটে এবং উল্টো পথে ৩টা ৫৯ মিনিটে। দশমীতে ৭৪টি মেট্রো চলবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

ইয়েলো লাইনে ১৫ ও ১৬ অক্টোবর মোট ১২০টি পরিষেবা থাকবে সকাল ৭টা ১৮ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত। সপ্তমী থেকে নবমীতে প্রতিদিন ৭২টি এবং দশমীতে ৬২টি পরিষেবা চালানো হবে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত পরিষেবা চলবে দুপুর ৩টে থেকে রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত। দশমীতে পরিষেবা থাকবে বিকেল ৩টে থেকে রাত ৯টা ৩৮ মিনিট পর্যন্ত।

পার্পল লাইনে ১৫ ও ১৬ অক্টোবর প্রতিদিন ৮৪টি মেট্রো চলবে। পরিষেবা থাকবে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্ত। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন ৩৮টি মেট্রো চলবে বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। পরিষেবার ব্যবধান থাকবে ২৫ মিনিট।

অন্য দিকে, অরেঞ্জ লাইনে ১৫ ও ১৬ অক্টোবর ৬২টি করে মেট্রো চলবে। সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত পরিষেবা থাকবে। তবে সপ্তমী থেকে দশমী, অর্থাৎ ১৭ থেকে ২১ অক্টোবর, অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

পুজোর ভিড়ের কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার অথবা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে আগেই টিকিট কাটার পরামর্শ দিয়েছে। স্টেশনে ভিড় এড়াতে আগেই QR-ভিত্তিক মোবাইল টিকিট বুক করার আবেদন করা হয়েছে। ব্লু ও গ্রিন লাইনে ব্যস্ত সময়ে ঘন ঘন মেট্রো চলায় যাত্রীদের ট্রেনের দরজা আটকে না রাখার এবং অতিরিক্ত ভিড় না করার অনুরোধ জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।


Share