Kolkata Metro

মেট্রো চলছিল মাথার উপরেই! হঠাৎ চাঙড় ভেঙে পড়ায় আতঙ্ক গ্রিন লাইনের যাত্রীদের মধ্যে

সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ স্টেশনের নীচের অংশ থেকে রাস্তার উপর চাঙড় ভেঙে পড়ে। সেই সময় উপর দিয়ে গ্রিন লাইনের আপ ও ডাউন দু’দিকের মেট্রো চলাচল করছিল। নীচে চলছিল যানবাহনও। দ্রুত বিষয়টি নজরে আসায় পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে৷

কলকাতা মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০২:৪০

ফের সমস্যার কলকাতা মেট্রোয়। এবার নবনির্মিত মেট্রো স্টেশনেই চাঙড় ভেঙে পড়ার ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়াল। সোমবার সকালে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের বাইরে একাধিক জায়গায় চাঙড় খসে পড়ার ঘটনা সামনে আসে।

জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ স্টেশনের নীচের অংশ থেকে রাস্তার উপর চাঙড় ভেঙে পড়ে। সেই সময় উপর দিয়ে গ্রিন লাইনের আপ ও ডাউন দু’দিকের মেট্রো চলাচল করছিল। নীচে চলছিল যানবাহনও। দ্রুত বিষয়টি নজরে আসায় পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে৷ তড়িঘড়ি মেট্রো কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রিন লাইনের পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনায় কেউ আহত হননি। কী কারণে চাঙড় ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখতে মেট্রোর জেনারেল ম্যানেজার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। পাশাপাশি উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়াররাও।

এই ঘটনার পর যাত্রীদের মনে ফিরে এসেছে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনা। গত বছরের ২৮ জুলাই ওই স্টেশনের পিলারে ফাটল ধরা পড়ায় নিরাপত্তার কারণে পুরো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। মোট ২১টি পিলারের উপর দাঁড়িয়ে থাকা স্টেশনটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে ইঞ্জিনিয়াররা তখন উদ্বেগ প্রকাশ করেছিলেন। বর্তমানে সেখানে সংস্কারের কাজ চলছে।

তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, এ দিনের ঘটনার সঙ্গে তেমন কোনও বড় ঝুঁকির সম্ভাবনা নেই। আধিকারিকরা জানিয়েছেন, মেট্রো পরিষেবায় কোনও প্রভাব পড়বে না। একইসঙ্গে সোমবার বিকেল থেকেই ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবুও নবনির্মিত স্টেশনে এভাবে চাঙড় খসে পড়ায় নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Share