Metro Railway

ভোর ছ'টা থেকে রাত সাড়ে ১০টা! ব্লু-গ্রিন লাইনে বড় বদল, বাড়ছে মেট্রোর সময় ও ট্রেনের সংখ্যা

নতুন নিয়ম অনুযায়ী, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান উভয় রুটেই প্রথম মেট্রো ছাড়বে ভোর ছ'টায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১১:৫৩

কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে প্রথম ও শেষ ট্রেনের সময় বদল হচ্ছে। আগামী সোমবার, ২৭ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি চালু করবে মেট্রো কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান উভয় রুটেই প্রথম মেট্রো ছাড়বে ভোর ছ'টায়। পাশাপাশি শেষ ট্রেনের সময়ও আরও পিছিয়ে দেওয়া হচ্ছে, যাতে যাত্রীরা অতিরিক্ত সুবিধা পান। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সাড়া ও চাহিদা বিবেচনা করে এই সময়সূচি স্থায়ী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী সোমবার থেকে ব্লু লাইনে মেট্রো পরিষেবার সময়সূচিতে বড় পরিবর্তন আনছে কলকাতা মেট্রো। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনের দু'প্রান্ত থেকেই প্রথম মেট্রো চলবে সকাল ৬টায়। বর্তমানে প্রথম মেট্রো ছাড়ে সকাল ছ'টা ৫০ মিনিটে। এ ছাড়াও, রাতের পরিষেবার সময়ও বাড়ানো হচ্ছে। এখন দু'প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ন'টা ৪৪ মিনিটে। সোমবার থেকে সেই সময় বাড়িয়ে করা হচ্ছে রাত ১০টা ৩০ মিনিট। অর্থাৎ, দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম উভয় প্রান্ত থেকেই প্রতিদিন রাত সাড়ে ১০টায় শেষ মেট্রো ছাড়বে।

আগামী সোমবার থেকে গ্রিন লাইনের মেট্রো পরিষেবার সময়ে বড় পরিবর্তন আসছে। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ—দুই প্রান্ত থেকেই সপ্তাহের কর্মদিবসে (সোমবার থেকে শনিবার) প্রথম মেট্রো ছাড়বে সকাল ছ'টায়। বর্তমানে এই দুই স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ছ'টা ৩৯ মিনিটে। এ ছাড়া, রাতের পরিষেবার সময়ও বাড়ানো হয়েছে। এখন যেখানে শেষ মেট্রো ছাড়ে রাত ১০টা পাঁচ মিনিটে, সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। তবে রবিবারের সময়সূচি আলাদা থাকবে। সেদিন গ্রিন লাইনের দুই প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ন'টায় এবং শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৩০ মিনিটে।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ব্লু ও গ্রিন দুই মেট্রো লাইনেই শুধু পরিষেবার সময়সীমা নয়, ট্রেনের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকে শুক্রবার ব্লু লাইনে বর্তমানে ২৬০টি পরিষেবা চললেও তা বাড়িয়ে ২৭২টি করা হচ্ছে। গ্রিন লাইনে পরিষেবার সংখ্যা ২২৮ থেকে বেড়ে হবে ২৩৬টি। শনিবার ব্লু লাইনে ২৪৬টির বদলে চলবে ২৫৮টি পরিষেবা। গ্রিন লাইনেও ২০৪টির পরিবর্তে ২১২টি পরিষেবা চালানো হবে। রবিবার তুলনামূলক কম ট্রেন চললেও সেদিনও বাড়ছে পরিষেবার সংখ্যা। ব্লু লাইনে ১৫২টির বদলে ১৫৮টি এবং গ্রিন লাইনে ১০৮টির পরিবর্তে ১১১টি পরিষেবা পাওয়া যাবে। তবে এই বর্ধিত পরিষেবা পরীক্ষামূলকভাবে কত দিন চালু থাকবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।


Share