Metro Rail

সাতসকালে সিগন্যালিং সমস্যা, ব্লু-লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা

সকাল সাড়ে সাতটা নাগাদ মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনে প্রযুক্তিগত ত্রুটির কারণে দক্ষিণেশ্বরমুখী একাধিক মেট্রো বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১০:১৭

শুক্রবার ব্লু-লাইনে মেট্রো বিভ্রাট। বিপাকে পড়লেন নিত্যযাত্রীরা।দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম মেট্রো করিডরে সিগন্যালিং ব্যবস্থার ত্রুটির কারণে পরিষেবা কিছু সময়ের জন্য ব্যাহত হয়। মেট্রো সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এর জেরে দক্ষিণেশ্বরমুখী একাধিক মেট্রো বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।

মেট্রো নির্ধারিত সময়ে না পৌঁছোনোয় একের পর এক স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। অফিস যাত্রীদের মধ্যে ক্ষোভও ছড়িয়ে পড়ে। ময়দান স্টেশনে অপেক্ষারত এক যাত্রী বলেন, “সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি। পরপর দু'টি মেট্রো এল না। কী সমস্যা হয়েছে, সে সম্পর্কেও কোনও ঘোষণা করা হচ্ছে না।”

পরিষেবা অনিয়মিত হয়ে পরে। ফলত পরে আসা ট্রেনগুলিতেও অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায় বলে অভিযোগ যাত্রীদের। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সিগন্যালিং ব্যবস্থায় ঠিক কী কারণে সমস্যা দেখা দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত ত্রুটি মেরামত করে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও মেট্রো সূত্রে জানা গিয়েছে।


Share