Metro Railway

অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবায় কাটছাঁট, মঙ্গলবার থেকে বদলাচ্ছে সময়সূচি

মঙ্গলবার, ১৩ অক্টোবর থেকে নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। এর ফলে সকালে মেট্রো ধরতে যাত্রীদের আরও এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। পাশাপাশি, রাতেও আগের তুলনায় তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে পরিষেবা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১১:০৫

বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর প্রস্তুতি জোরকদমে চলছে। সেই লক্ষ্যে ট্রায়াল রান ও প্রয়োজনীয় পরীক্ষার কাজের জন্য অরেঞ্জ লাইনে মেট্রো চলাচলের সময় কমানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার, ১৩ অক্টোবর থেকে নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। এর ফলে সকালে মেট্রো ধরতে যাত্রীদের আরও এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। পাশাপাশি, রাতেও আগের তুলনায় তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে পরিষেবা।

এত দিন অরেঞ্জ লাইনে প্রথম মেট্রো ছাড়ত সকাল ৭টা ৪০ মিনিটে। মঙ্গলবার থেকে সেই পরিষেবা শুরু হবে সকাল ৮টা ৪০ মিনিটে। অর্থাৎ, সকালের পরিষেবা এক ঘণ্টা দেরিতে শুরু হবে। রাতের পরিষেবাতেও বদল আনা হয়েছে। বর্তমানে রাত ৯টা ৮ মিনিট পর্যন্ত মেট্রো পাওয়া গেলেও নতুন সূচি অনুযায়ী শেষ পরিষেবা মিলবে রাত ৮টা ১৮ মিনিটে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

মেট্রো সূত্রে খবর, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে পরিষেবা চালুর আগে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হচ্ছে। গত ১০ অক্টোবর থেকেই ওই অংশে ট্রায়াল রান শুরু হয়েছে। আগামী দিনগুলিতেও নির্দিষ্ট সুরক্ষা বিধি মেনে পরীক্ষা চালানো হবে। সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই অরেঞ্জ লাইনে মেট্রো চলাচলের সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সময়সূচির এই পরিবর্তনের জেরে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। বিশেষত, যাঁরা সকালে তাড়াতাড়ি অফিস বা কর্মস্থলে পৌঁছনোর জন্য মেট্রোর উপর নির্ভর করেন, তাঁদের যাতায়াতের পরিকল্পনায় বদল আনতে হতে পারে। একই ভাবে, রাতে বাড়ি ফেরার ক্ষেত্রেও যাত্রীদের আগেভাগে সময় দেখে নিতে হবে। তাই মঙ্গলবার থেকে অরেঞ্জ লাইনে যাত্রার আগে নতুন সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


Share