Suvendu Adhikari

৩৮ হাজারের বেশি নাম নথিভুক্ত, লক্ষাধিক মানুষের যোগদানের আশা, ২১ জুন রেড রোডে যোগ দিবসের মেগা আয়োজন

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর আশা, এই কর্মসূচির মাধ্যমে একটি নতুন রেকর্ড গড়া সম্ভব হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১০:৪৯

যোগ দিবস উপলক্ষে আগামী তিন দিন ধরে পশ্চিমবঙ্গে একাধিক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্ষার কারণে মাঠ কর্দমাক্ত থাকার আশঙ্কায় রেড রোডেই যোগ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর আশা, এই কর্মসূচির মাধ্যমে একটি নতুন রেকর্ড গড়া সম্ভব হবে।

১৯ জুন, শুক্রবার সকালে ‘রান ফর যোগা’ কর্মসূচির মাধ্যমে উদ্‌যাপনের সূচনা হবে। কলকাতা পুরসভার সামনে থেকে রাইটার্স বিল্ডিংস পর্যন্ত একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সকাল সাতটা থেকে এই কর্মসূচি শুরু হবে।

২০ জুন, শনিবার পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। ওই দিন সন্ধ্যা সাড়ে পাঁচটার পর গঙ্গাবক্ষে একটি বিশেষ অনুষ্ঠান হবে, যেখানে ড্রোনের সাহায্যে যোগব্যায়াম-ভিত্তিক মনোরম দৃশ্য উপস্থাপন করা হবে।

২১ জুন, রবিবার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই প্রায় ৩৮ হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। তাঁর আশা, কয়েক লক্ষ মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। রবিবার সকাল ছ'টা ১৫ মিনিট পর্যন্ত নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে। এরপর আয়ুষ মন্ত্রকের নির্ধারিত প্রোটোকল মেনে মূল অনুষ্ঠান শুরু হবে।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যোগ নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এই প্রথম ১২তম যোগ দিবসে পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এ বার পশ্চিমবঙ্গ এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পেয়েছে। আশা করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কার্যক্রম সফল হয়ে একটি রেকর্ড তৈরি করতে পারবে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, যোগ আজ বিশ্বজুড়ে একটি জনপ্রিয় ও সময়োপযোগী জীবনচর্চা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বের ১৭৫টিরও বেশি দেশ আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্বকে স্বীকার করেছে।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব। তাঁর কথায়, ‘যোগ যখন আমাদের দৈনিক জীবনের অঙ্গ হয়ে যায়, তখন সেটা কেবল এক ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ ও রাষ্ট্রকে ক্ষমতাবান করে তোলে। আসুন, আমরা সকলে মিলে আন্তর্জাতিক যোগ দিবস, ২০২৬-এর অনুষ্ঠানকে সফল করি।’


Share