Mamata Banerjee

৮০ জন বিধায়কের মধ্যে এলেন না ৬০ জন, মমতার বাড়িতে সাত দিন আগে ডাকা পরিষদীয় দলের বৈঠক হল বাতিল

রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে এসেছিলেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র, পলাশিপাড়ার রুকবানুর রহমান, বজবজের অশোক দেব, পাঁচলার গুলশন মল্লিক, মালতীপুরের আব্দুল রহিম বক্সি, কুমারগঞ্জের তোরাফ হোসেন মণ্ডল প্রমুখ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ০৮:১০

চার ভাগের একভাগ বিধায়ক হাজির থাকায় পরিষদীয় দলের বৈঠকে বাতিল করে দিল তৃণমূল। সাত দিন আগে এই বৈঠক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হবে বলে সবাইকে জানানো হয়েছিল। তবে এ দিন ৭৫ শতাংশ দলীয় বিধায়কই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলেন না। 

জানা গিয়েছে, রবিবার তৃণমূলের পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই বৈঠক ডেকেছিলেন। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই বৈঠক হওয়ার কথা ছিল। দলের সঙ্গে বিধায়কদের সমন্বয় বাড়াতে এই বৈঠক ডাকা হয়েছিল। সাত দিন আগে এই বৈঠক হওয়ার কথা দলের সমস্ত বিধায়কদের জানিয়ে দেওয়া হয়। নতুন বিধানসভায় তৃণমূলের বিধায়কের সংখ্যা ৮০। কিন্তু এ দিনের বৈঠকে হাজির ছিলেন মাত্র ২০ জন বিধায়ক। ৮০ জন বিধায়ক বৈঠকেই আসেননি। 

রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে এসেছিলেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র, পলাশিপাড়ার রুকবানুর রহমান, বজবজের অশোক দেব, পাঁচলার গুলশন মল্লিক, মালতীপুরের আব্দুল রহিম বক্সি, কুমারগঞ্জের তোরাফ হোসেন মণ্ডল প্রমুখ। অনুপস্থিতদের মধ্যে রয়েছেন এন্টালি থেকে নির্বাচিত বিধায়ক সন্দীপন সাহা। তাঁর মোবাইল ফোন বন্ধ বন্ধ। কসবার বিধায়ক জাভেদ খানও অনুপস্থিত ছিলেন, তাঁকে ফোন করা হলে তিনি ধরেননি। মেসেজ করা হলেও তিনি কোনও উত্তর দেননি। অনুপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লাও। বন্ধ তাঁর ফোনও রয়েছে।

যদিও বৈঠক বাতিল হওয়া প্রসঙ্গে তৃণমূলের তরফে দলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের ব্যাখ্যা, ‘‘শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর বিধায়কেরা নানা কর্মসূচিতে ব্যস্ত। এ ছাড়াও বিভিন্ন এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এমতাবস্থায়, গতকাল সন্ধ্যা থেকেই বিধায়কদের ফোন আসে যে এমন পরিস্থিতিতে বৈঠকের দিন যদি বদল করা হয় তা হলে খুব ভাল হয়।’’ 

কুণাল আরও বলেন, ‘‘অভিষেকের পাশাপাশি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরেও হামলা হয়েছে। সার্বিক ভাবে এমন পরিস্থিতিতে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই রবিবারের বৈঠক বাতিল হয়েছে। তাই বিধায়কেরা আসেননি।’’ বরং সোমবার অভিষেক ও কল্যাণের উপর হামলার প্রতিবাদে ব্লকে ব্লকে দল নেতা-কর্মীদের প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। 

তৃণমূলের তরফ থেকে কুণাল এমন দাবি করলেও প্রশ্ন থাকছে, যদি আগেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে ২০ জন বিধায়ক কেন কালীঘাটে এসেছিলেন? অর্থাৎ, কত জন বিধায়ক মমতার বাড়ির বৈঠকে আসবেন তার অনুমান নেতৃত্বের কাছে আদৌ ছিল কি না, সে প্রশ্ন থাকছে। হতে পারে হাজিরা দেখার পরেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।


Share