Suvendu Adhikari

‘সাইকেলে চেপে ঘুরে বেড়ান,’ বিধানসভার প্রাক্তন সদস্যদের চিকিৎসার জন্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি বিভিন্ন সময় প্রাক্তন প্রবীণ বিধায়কদের খুব সাধারণ ভাবে জীবন কাটাতে দেখেছেন। যে সুযোগ-সুবিধেগুলি তাঁদের পাওয়ার কথা ছিল তা তাঁরা পাননি। তাঁরা ভিন্ন দলের হলেও অত‍্যন্ত নিষ্ঠার সঙ্গে বিধায়কের দায়িত্ব পালন করেছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ আগস্ট ২০২৬ ০৮:১৪

বিধায়কদের ভাতা, বেতন বিভিন্ন সময় বৃদ্ধি পেলেও বিধানসভার প্রাক্তন সদস্যদের কথা বিগত সরকার ভাবেনি। ফলে প্রাক্তন বিধায়কদের ক্ষেত্রে কোনওরকম অর্থনৈতিক সুরক্ষা বা সহযোগিতার বিষয়টি সেভাবে গুরুত্ব পায়নি। এ বার তাঁদের জন্য চিকিৎসার ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করল রাজ্য সরকার। প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা  ১০ হাজার টাকা করা হল। তবে তার জন‍্য আইনের সংশোধন করতে হবে। পরের অধিবেশনে এই সংক্রান্ত বিল এনে তা কার্যকর করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি বিভিন্ন সময় প্রাক্তন প্রবীণ বিধায়কদের খুব সাধারণ ভাবে জীবন কাটাতে দেখেছেন। যে সুযোগ-সুবিধেগুলি তাঁদের পাওয়ার কথা ছিল তা তাঁরা পাননি। তাঁরা ভিন্ন দলের হলেও অত‍্যন্ত নিষ্ঠার সঙ্গে বিধায়কের দায়িত্ব পালন করেছেন। 

বুধবার বিধানসভায় দু’জন বিধায়কের কথা উদাহরণ দেন। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁরা বিধায়ক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শুভেন্দু বলেন, “অবিভক্ত মেদিনীপুরের মহিষাদল কেন্দ্রের প্রাক্তন সিপিএম বিধায়ক দীনবন্ধু মণ্ডলকে দেখেছি। তিনি প্রতিদিন সাইকেল চালিয়ে যাতায়াত করেন। বাজার থেকে আনাজ, জিনিসপত্র কেনাকাটি করেন। লোকের সঙ্গে বসে এক বেঞ্চে বসে চা খান।”

সেই সঙ্গে মুখ‍্যমন্ত্রী উল্লেখ করেন, বাসন্তির প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী সুভাষ নস্করের কথাও। মুখ্যমন্ত্রী সমাজমাধ‍্যমে দেখেছেন, তিনিও স্টেশনে বসে আছেন। তাঁকে স্টেশনে একজন সংবাদমাধ্যমে ভাইরাল করেছে। তিনিও রোজ বাজার করেন তারপরে স্টেশনে এসে বসেন। রেলের বেঞ্চে বসে চা খান। হকারদের কাছ থেকে খবরের কাগজ নিয়ে পড়েন। তারপরে বাড়ি চলে যান। এসব দেখার পরে তাঁর মনে হয়েছে, প্রাক্তন বিধায়কদের প্রতি সরকারের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব বিগত সরকার পালন করেনি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এর পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রাক্তন বিধায়কদের চিকিৎসার জন‍্য ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। বর্তমানে প্রাক্তন বিধায়কদের চিকিৎসা বাবদ চার হাজার টাকা ভাতা পান। সেই বরাদ্দ এক ধাপে ছ’হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। এ বার থেকে বিধানসভার প্রাক্তন নির্বাচিত সদস্যরা ১০ হাজার টাকা করে পাবেন। তবে এ ক্ষেত্রে বর্তমান আমের পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী বিধানসভা অধিবেশনে আইনের সংশোধন করা হবে বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।


Share