Presidency Jail Murder Case

মাথায় ছিল ভারী বস্তুর আঘাত, দেহে ধারালো অস্ত্রের দাগ, খুন করা হয়েছে বিচারাধীন বন্দি মহম্মদ আলিকে, তদন্তে পুলিশ

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মাথায় ভারী বস্তুর আঘাত ও দেহে ধারালো অস্ত্রের একাধিক ক্ষতচিহ্ন মিলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিসিটিভি-বিহীন একটি গলি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধারের পর খুনের মামলা দায়ের করে জেলের নিরাপত্তা ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে হেস্টিংস থানা ও লালবাজারের হোমিসাইড শাখা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ১০:৩২

প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি মহম্মদ আলিকে খুন করা হয়েছে। শুক্রবার এসএসকেএমে দেহের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ সূত্রের খবর, দেহে ধারালো অস্ত্রের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মাথার পেছনে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। সে কারণে সেই ক্ষতচিহ্ন যথেষ্ট গভীর বলে দাবি করা হয়েছে। খুনের মামলা দায়ের করে হেস্টিংস থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আলি সকালে সুস্থ ছিল। জেলে নিয়ম অনুযায়ী, মাথাগণনা হয়। বিকেল ৩টের সময় যে মাথাগণনা হয়েছে তাতে সে ছিল। সন্ধ্যা ৫টার সময় আবার মাথাগণনার কাজ হয়। সেই সময়ই মহম্মদ আলির নিখোঁজের বিষয়টি সামনে আসে। এর পরেই জেল কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় প্রেসিডেন্সি জেলের ৪৪ নম্বর ওয়ার্ডের পাশে একটি গলি থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় মহম্মদ আলিকে উদ্ধার করা হয়। যে গলি থেকে মহম্মদ আলির দেহ উদ্ধার করা হয়েছিল, সেখানে কোনও সিসি ক্যামেরা ছিল না বলেই ওই পুলিশের সূত্রটি জানাচ্ছে। এই থেকে তদন্তকারীরা কার্যত নিশ্চিত যে ৫টা থেকে দেহউদ্ধারের সময়ের মধ্যেই খুনটিকে সংঘটিত করা হয়েছ। আলি বিকেল ৩টের পরে কার সঙ্গে ছিলেন, কোথায় ছিলেন, তাঁকে কে বা কারা ডেকে নিয়ে গেল তা জানার চেষ্টা করছে পুলিশ। জেলের সিসি ক্যামেরার ফুটেজ তাঁরা খতিয়ে দেখছেন। পাশাপাশি জেলের ভিতরে থাকা অন্যান্য বন্দিদের সঙ্গে কথা বলছেন তাঁরা।

অন‍্য দিকে, ঘটনার পরে মহম্মদ আলির দেহ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। শুক্রবার দেহের ময়নাতদন্ত হয়েছে। জানা গিয়েছে, তাঁর মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে। ভারী কোনও বস্তু দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে। তাই এমন ক্ষত তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও, দেহের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খুনের আগে মহম্মদ আলির সঙ্গে ধস্তাধস্তি হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, কলকাতা বিমানবন্দর সংলগ্ন মধ‍্যমগ্রামের বাঁকড়া-বাঁশতলা এলাকার বাসিন্দা মহম্মদ আলি। লালবাজার সূত্রের খবর, মহম্মদ আলির বিরুদ্ধে ২০২০ সালে এন্টালি থানায় দায়ের হওয়া মাদক মামলা রয়েছে। মাদক আইনের ৩(৪) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ ছাড়াও, শিয়ালদহ জিআরপিতেও ১০৫ নম্বর মামলা রয়েছে। এই মামলাগুলিতেই তিনি প্রেসিডেন্সি জেলে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার পরে হেস্টিংস থানার পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা ঘটনাস্থল পরীক্ষা করেছেন। 


Share