Railway

রবিবার শিয়ালদহ ডিভিশনে বড়সড় ট্রেন বাতিল! রাতভর রক্ষণাবেক্ষণের কাজ, হাবড়া-রানাঘাট-ডানকুনি-কল্যাণী শাখায় প্রভাব

আগামী রবিবার, ৩০ অগস্ট রাত ১২টা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত চলবে রেলের মেরামতির কাজ। সেই কারণে ওই সময়ে ট্র্যাফিক ব্লক রাখা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিয়ালদহ
  • শেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬ ১২:২৭

রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজের জেরে শিয়ালদহ ডিভিশনের একাধিক শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ব রেল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আগামী রবিবার, ৩০ অগস্ট রাত ১২টা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত চলবে রেলের মেরামতির কাজ। সেই কারণে ওই সময়ে ট্র্যাফিক ব্লক রাখা হয়েছে।

রেল সূত্রে খবর, ট্রেনের লাইন পরিবর্তনের জন্য ব্যবহৃত পয়েন্টগুলির বেশ কয়েকটি অংশে মেরামতির কাজ হবে। পাশাপাশি কিছু জায়গায় নতুন করে পয়েন্ট তৈরি করা হবে এবং পুরনো ট্র্যাকের নির্দিষ্ট অংশও বদলানো হবে। দুই রেললাইনের সংযোগস্থলে থাকা পুরনো যন্ত্রাংশও সরিয়ে নতুন যন্ত্রাংশ বসানো হবে। এই কাজের কারণে রবিবার দিনের বিভিন্ন সময়ে শিয়ালদহ ডিভিশনের একাধিক শাখায় লোকাল ট্রেন পরিষেবা বাতিল থাকবে। ফলে রবিবার যাত্রীদের যাতায়াতে কিছুটা সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

শিয়ালদহ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জেরে রবিবার একাধিক শাখায় ট্রেন চলাচলে সাময়িক প্রভাব পড়তে পারে। এই কারণে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তবে যাত্রী পরিষেবায় যাতে বেশি সমস্যা না হয়, সে কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ রাত ১২টা থেকে ভোর সাতটা পর্যন্ত কাজের সময় নির্ধারণ করেছে।

রবিবার শিয়ালদহ–হাবড়া, শিয়ালদহ–কল্যাণী সীমান্ত, শিয়ালদহ–ডানকুনি এবং শিয়ালদহ–রানাঘাট শাখায় একাধিক লোকাল বাতিল থাকবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ–হাবড়া শাখার ৩৩৬৫১ আপ/৩৩৬৫২ ডাউন এবং ৩৩৬৫৩ আপ/৩৩৬৫৪ ডাউন লোকাল বাতিল করা হয়েছে। একই ভাবে শিয়ালদহ–কল্যাণী সীমান্ত শাখার ৩১৩১৩ আপ/৩১৩১৬ ডাউন, শিয়ালদহ–ডানকুনি শাখার ৩২২১৭ আপ/৩২২১৮ ডাউন এবং শিয়ালদহ–রানাঘাট শাখার ৩১৬১৫ আপ/৩১৬২০ ডাউন লোকালও বাতিল থাকবে। এ ছাড়াও, লালগোলা–শিয়ালদহ ৫৩১৭২ ডাউন লোকালটি শিয়ালদহ পর্যন্ত যাবে না। ট্রেনটি দমদম জংশন পর্যন্ত চলবে। সেখানেই যাত্রা শেষ করার পর খালি রেকটি প্রয়োজনীয় ব্যবস্থা করে শিয়ালদহে নিয়ে আসা হবে। ফলে রবিবার ওই শাখাগুলিতে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের আগে থেকেই ট্রেনের সময়সূচি দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

রেলের দাবি, কাজ সম্পূর্ণ হলে ট্রেন চলাচল আরও নিরাপদ ও মসৃণ হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং-সহ একাধিক বিভাগের কর্মীদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। কাজ চলাকালীন পরিষেবায় কোনও পরিবর্তন হলে তা যাত্রীদের জানাতে রেল কর্তৃপক্ষ শিয়ালদহ স্টেশন থেকে নিয়মিত ঘোষণা করবে।


Share