Fire Incident

ইএম বাইপাসে মাঝরাস্তায় সেডানে ভয়াবহ আগুন, গাড়ি ফেলে উধাও চালক-আরোহীরা, তদন্তে পুলিশ

তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রবিবার সকালে চিংড়িঘাটা ও সায়েন্স সিটির মাঝামাঝি মেট্রোপলিটন মোড়ের কাছে ঘটনাটি ঘটে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৮:৫৬

সাতসকালে ইএম বাইপাসের উপর দাউদাউ করে জ্বলল একটি সেডান গাড়ি। রাস্তার মাঝখানেই গাড়িটিতে আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রবিবার সকালে চিংড়িঘাটা ও সায়েন্স সিটির মাঝামাঝি মেট্রোপলিটন মোড়ের কাছে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়েন্স সিটিগামী লেনে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়িটিতে আচমকাই আগুন জ্বলতে দেখা যায়। কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় প্রগতি ময়দান থানায়। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। আগুন লাগার পর গাড়ির চালক বা কোনও আরোহীরই ঘটনাস্থলে দেখা মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, আগুন লাগতে দেখেই তাঁরা গাড়ি থেকে নেমে সেখান থেকে চলে যান। রবিবার সকাল হওয়ায় ওই সময়ে রাস্তায় যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। ফলে আগুন লাগার ঘটনায় যান চলাচলেও বড় কোনও প্রভাব পড়েনি।

গাড়িটির মালিক কে, কী কারণে সেটি রাস্তার উপর ফেলে চালক বা আরোহীরা চলে গেলেন, তা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে। গাড়ির নম্বর এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মালিক ও গাড়িতে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


Share