Chief Secretary

আরও ছ’মাসের জন্য মুখ‍্যসচিব পদে বহাল থাকবেন মনোজ আগরওয়াল, রাজ্যের অনুরোধে সিলমোহর দিল কেন্দ্র

মনোজকুমার আগরওয়াল ১৯৯০ সালের পশ্চিমবঙ্গ ক‍্যাডারের আইএএস অফিসার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মুখ‍্যসচিব হওয়ার দৌড়ে থাকলেও তাঁকে মুখ‍্যসচিব করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়রিটি ভেঙে নন্দিনী চক্রবর্তীকে মুখ‍্যসচিব করা হয়।

মুখ‍্যসচিব মনোজকুমার আগরওয়াল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১০:৫৭

আরও ছ’মাসের জন‍্য মুখ‍্যসচিব পদে বহাল থাকছেন মনোজকুমার আগরওয়াল। তাঁর কর্মজীবনের মেয়াদ বাড়াতে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল। কেন্দ্র সেই অনুরোধে সায় দিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ মন্ত্রক নবান্নকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করে দিয়েছে। 

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা প্রকাশ‍্যে এসেছে। জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই মনোজকুমার আগরওয়ালের কাজের দিন শেষ হওয়ার কথা ছিল। গত ১৫ জুলাই রাজ‍্য সরকারের তরফে কর্মীবর্গ এবং প্রশিক্ষণ মন্ত্রকের কাছে মনোজের কাজের মেয়াদ বৃদ্ধি করার আবেদন করা হয়। সব দিক বিবেচনা করে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার রাজ‍্যের আবেদনে সিলমোহর দিয়েছে। আরও ছ’মাস মনোজকুমার আগরওয়াল মুখ‍্যসচিব পদে বহাল থাকবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যের মুখ‍্যসচিবের দায়িত্ব পালন করবেন। ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস রুলের ১৬(১) ভিত্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

মনোজকুমার আগরওয়াল ১৯৯০ সালের পশ্চিমবঙ্গ ক‍্যাডারের আইএএস অফিসার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মুখ‍্যসচিব হওয়ার দৌড়ে থাকলেও তাঁকে মুখ‍্যসচিব করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়রিটি ভেঙে নন্দিনী চক্রবর্তীকে মুখ‍্যসচিব করা হয়। তাঁকে রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক পদে বসানো হয়। ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন মনোজ।

এসআইআর প্রক্রিয়া চলাকালীন নিজের দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন এই দুঁধে আইএএস অফিসার মনোজকুমার আগরওয়াল। তাঁর ভাবমূর্তি যথেষ্ট স্বচ্ছ। রক্তপাতহীন বিধানসভা নির্বাচন করে নজির গড়েছে নির্বাচন কমিশন। স্বাধীনতার পরে রেকর্ড ভোটদানের নজিরও গড়েছে রাজ্য সরকার। সবটাই তাঁর আমলেই হয়েছে। দুষ্মন্ত নারিয়ালা নির্বাচনপর্বে মুখ‍্যসচিবের দায়িত্ব সামলেছেন। 

নতুন সরকার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে তাঁকে দেখা যায়। এর পরেই কার্যত স্পষ্ট হয়ে যায়— মনোজ আগরওয়ালই মুখ‍্যসচিবের পদে বসতে চলেছেন। তা-ই হয়। দুষ্মন্ত নারিওয়ালাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানকার পশ্চিমবঙ্গ ভবনের প্রধান রেসিডেন্ট কমিশনার করা হয়। এই দফতরটি রাজ‍্যের মুখ্যমন্ত্রী নিজেই দেখেন। 


Share