Mamata Banerjee filed Election affidavit on Bhawanipore assembly election

ফের হাই কোর্টে মমতা, ভোটে ভরাডুবির পরে ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ‍্যালেঞ্জ করে দাখিল করলেন হলফনামা

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা আদালতে পৌঁছে যাওয়ায় অনেকেই কৌতূহলী হয়ে পড়েন। মমতার আইনজীবী মারফত জানা গিয়েছে, ভবানীপুরের নির্বাচন নিয়ে তিনি নির্বাচনী হলফনামা দাখিল করেছেন।

কলকাতা হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৩:৪৬

ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে নির্বাচনী হলফনামা দাখিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে আচমকাই তিনি কলকাতা হাই কোর্টে পৌঁছে যান। ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করেই তিনি হলফনামা দাখিল করেছেন। 

নির্বাচনে ভরাডুবির পরে এই নিয়ে দ্বিতীয় বার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন। এর আগে ১৪ মে ভোট পরবর্তী অশান্তির মামলায় সওয়াল করতে হাই কোর্টে গিয়েছিলেন। সেই বার আদালতের বাইরে আইনজীবীদের একাংশ মমতাকে দেখে ‘চোর’ স্লোগান দেয়। ওই ঘটনার একমাস পরে আবার হাই কোর্টে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা আদালতে পৌঁছে যাওয়ায় অনেকেই কৌতূহলী হয়ে পড়েন। মমতার আইনজীবী মারফত জানা গিয়েছে, ভবানীপুরের নির্বাচন নিয়ে তিনি নির্বাচনী হলফনামা দাখিল করেছেন। অভিযোগ, নির্বাচনে কারচুপি করা হয়েছে। যদিও এই বিষয়ে মমতার আইনজীবী বিস্তারিত কিছু জানাননি। হাই কোর্টের মমতার সঙ্গে কুনাল ঘোষ এবং দোলা সেন ছিলেন।

এ বারের নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। ভোটে হারার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তাফা দেননি। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে রাজ্যপাল হস্তক্ষেপ করেন। ২০২১ সালেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ১৯৫৬ ভোটে পরাজিত হন। নির্বাচনের পরে হলফনামা দাখিল করেন। সেই মামলা এখনও বিচারাধীন। এ বারের নির্বাচনে হেরে আবারও হলফনামা দাখিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


Share