ED

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরার মুখে মদনের পরিবার, সিজিওতে হাজির ছেলে শুভরূপ, ২৯ জুলাই তলব বিধায়ককেও

এই মামলার তদন্তে ইতিমধ্যেই মদন মিত্রের দুই ছেলে শুভরূপ ও স্বরূপ মিত্র এবং স্ত্রী অর্চনা মিত্রকে পৃথক দিনে তলব করেছে ইডি। একই মামলায় আগামী ২৯ জুলাই হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও।

বুধবার সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে শুভরূপ মিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ০৩:১২

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বুধবার ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র। সকালে হাতে একটি ফাইল নিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করতে দেখা যায়। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে কোনও মন্তব্য করেননি তিনি। এই মামলার তদন্তে ইতিমধ্যেই মদন মিত্রের দুই ছেলে শুভরূপ ও স্বরূপ মিত্র এবং স্ত্রী অর্চনা মিত্রকে পৃথক দিনে তলব করেছে ইডি। একই মামলায় আগামী ২৯ জুলাই হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও।

ইডির অভিযোগ, নগদ টাকা বা সোনার বিনিময়ে টিটাগড়় পুরসভায় অন্তত ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। তদন্তে সেই সূত্রেই উঠে আসে মদনের নাম। গত ১৩ জুন তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। পরে তাঁর স্ত্রী ও দুই পুত্রকে তলব করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, পুরসভার নিয়োগে কোনও আর্থিক অনিয়ম বা অবৈধ লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই ব্যাঙ্কের নথি-সহ হাজির হতে বলা হয়েছিল মদনের স্ত্রী ও দুই পুত্রকে।

শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবর মাসে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআইও। সে সময় প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চলে। সম্প্রতি মদনের স্ত্রী ও দুই পুত্রকে তলব করে তদন্তকারী সংস্থা। তার পরই তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রকাশ্যে অভিযোগ তোলেন মদন।

মদনকে আগামী ২৯ জুলাই বেলা ১১টায় তলব করেছে ইডি। এই প্রসঙ্গে মদন বলেন, “যদি আমায় ডাকে আমি কোনও ডেট, অসুখ, জ্বর...কোনও বাহানা দেব না। আমি সমস্ত রকম ভাবে ইডিকে সহযোগিতা করব। স্ত্রী, পুত্রেরাও যাবেন। প্রত্যেকে সহযোগিতা করবেন। কেন্দ্রীয় সরকারের এজেন্সি আমাকে ডাকলে আমরা ফুল সাপোর্ট দেব।”

পুরনিয়োগ দুর্নীতি মামলায় আগেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও দাখিল করেছে।


Share