ED

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরার মুখে মদন মিত্রের পরিবার, শুভরূপের পর সিজিও কমপ্লেক্সে হাজির জ্যেষ্ঠ পুত্র স্বরূপ, সঙ্গে ব্যাঙ্ক ও আয়কর রিটার্নের নথি

সকাল ১১টার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে প্রবেশ করেন তিনি। হাতে ছিল একাধিক নথি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরূপ জানান, সেগুলি ব্যাঙ্ক-সংক্রান্ত কাগজপত্র।

মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ০১:১৩

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বুধবার ইডির তলবে হাজির হয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রের কনিষ্ঠ পুত্র। তার একদিন পর, বৃহস্পতিবার সকালে তদন্তকারী সংস্থার দফতরে পৌঁছোলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র স্বরূপ মিত্র। সকাল ১১টার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে প্রবেশ করেন তিনি। হাতে ছিল একাধিক নথি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরূপ জানান, সেগুলি ব্যাঙ্ক-সংক্রান্ত কাগজপত্র।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি মদন মিত্রের পরিবারের সদস্যদের তলব করেছে ইডি। পৃথক দিনে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁর দুই ছেলে শুভরূপ ও স্বরূপ মিত্র এবং স্ত্রী অর্চনা মিত্রকে। বুধবার প্রায় ন'ঘণ্টা ধরে শুভরূপকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেন স্বরূপ। আর শুক্রবার তলব করা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকে।

ইডির দফতরে ঢোকার সময় স্বরূপের কাছে জানতে চাওয়া হয়, তাঁর অ্যাকাউন্টে কোনও টাকা লেনদেন হয়েছে কি না বা কেউ তাঁকে কোনও অর্থ দিয়েছিলেন কি না। জবাবে তিনি জানান, এমন কোনও ঘটনা ঘটেনি। তবে তাঁকে কেন তলব করা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে স্বরূপ বলেন, “আমার অ্যাকাউন্টের ডিটেল্‌স জানতে চেয়েছে। সেই ডিটেল্‌স নিয়ে এসেছি।”

মদন-পুত্রের দাবি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও হিসাববহির্ভূত লেনদেন হয়নি। তিনি বলেন, “ব্যাঙ্কের সব ডিটেল্‌সই তো নিয়ে এসেছি। ২০১৩-১৪ সাল থেকে পুরো আয়কর রিটার্নের হিসেব নিয়ে এসেছি।” তদন্তে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন স্বরূপ।

ইডির দাবি, নগদ টাকা বা সোনার বিনিময়ে টিটাগড় পুরসভায় অন্তত ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। এই নিয়োগ দুর্নীতির তদন্তেই মদনের নাম সামনে আসে। গত ১৩ জুন তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করে ইডি। এরপর তদন্তের স্বার্থে তাঁর স্ত্রী ও দুই পুত্রকে তলব করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে এসে স্বরূপ জানান, শুক্রবার তাঁর মা-ও ইডির দফতরে গিয়ে তদন্তে সহযোগিতা করবেন।


Share