Land Scam

গ্রেফতারি পরোয়ানার সুমিত রায়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ, দেশ ছাড়ার চেষ্টা করলেই আটক, তল্লাশি জারি অভিষেকের ঘনিষ্ঠ সহকারীর খোঁজে

এরপরই সিআইডি অভিবাসন দফতরের কাছে লুক আউট নোটিশ জারির আবেদন জানায়। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর হয় বলে সূত্রের খবর।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১১:২৬

গ্রেফতারি পরোয়ানা জারির পর এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিআইডি। ফলে দেশের কোনও বিমানবন্দর, সমুদ্রবন্দর বা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হবে।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি মামলায় অভিযুক্ত সুমিতের বিরুদ্ধে সোমবার মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই সিআইডি অভিবাসন দফতরের কাছে লুক আউট নোটিশ জারির আবেদন জানায়। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর হয় বলে সূত্রের খবর।

গত কয়েক দিন ধরে সুমিতের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু এখনও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। এ দিকে গ্রেফতারি পরোয়ানা জারির পর আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে তাঁর আইনজীবী বিষয়টি উত্থাপন করেছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

সুমিতের খোঁজে গত শনিবার ভোরে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছোয় শালবনি থানার পুলিশ। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে পুলিশ। তদন্তকারীদের দাবি, সুমিতের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ওই বাড়িতেই পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই অভিযান চালানো হয়। তবে সেখানে তাঁর হদিস মেলেনি। একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখান থেকেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

শালবনি থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে সুমিত রায়ের নাম উঠে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিতের নাম তদন্তকারীদের সামনে আসে। এরপর থেকেই তাঁর খোঁজে তৎপর হয় পুলিশ।


Share