Railway Update

পুজোর আগেই শহরতলির ট্রেনে বড় বদল! বাড়ছে লোকাল, রাতেও শিয়ালদহ-বজবজ ট্রেন, এসি লোকালের নতুন স্টপেজ

বদকুল্লা স্টেশনেও পরীক্ষামূলক ভাবে স্টপেজ দেওয়া হচ্ছে চারটি এসি ইএমইউ লোকালকে। রেলের এই সিদ্ধান্তে নিত্যযাত্রী, পড়ুয়া এবং অফিসযাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০৬:২৯

পুজোর আগে শহরতলির ট্রেনযাত্রীদের জন্য একাধিক পরিবর্তন আনল শিয়ালদহ ডিভিশন। শান্তিপুর–কৃষ্ণনগর সিটি জংশন শাখায় বাড়ানো হচ্ছে লোকালের সংখ্যা। পাশাপাশি শিয়ালদহ–বজবজ শাখায় চালু হচ্ছে গভীর রাতের নতুন লোকাল। বদকুল্লা স্টেশনেও পরীক্ষামূলক ভাবে স্টপেজ দেওয়া হচ্ছে চারটি এসি ইএমইউ লোকালকে। রেলের এই সিদ্ধান্তে নিত্যযাত্রী, পড়ুয়া এবং অফিসযাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

শান্তিপুর থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত দিগনগর হল্ট হয়ে চলা ট্রেনের সংখ্যা দিনে এক জোড়া থেকে বাড়িয়ে দু’জোড়া করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকালের ট্রেনটি শান্তিপুর থেকে ছাড়বে সকাল ৯টা ৩৪ মিনিটে এবং কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছবে ১০টা ৭ মিনিটে। ফেরার ট্রেনটি কৃষ্ণনগর থেকে ছাড়বে সকাল ১০টা ১৭ মিনিটে এবং শান্তিপুরে পৌঁছবে ১০টা ৪৩ মিনিটে। ফলে এই শাখার যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে।

অন্যদিকে, দেরিতে কাজ শেষ করে বাড়ি ফেরেন যে যাত্রীরা, তাঁদের জন্য শিয়ালদহ–বজবজ শাখায় চালু হচ্ছে নতুন রাতের লোকাল। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে রাত ১০টা ৫৫ মিনিটে এবং বজবজ পৌঁছবে ১১টা ৪৩ মিনিটে। ফিরতি ট্রেনটি বজবজ থেকে ছাড়বে রাত ১১টা ৫৪ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে। রাতের দিকে বাড়ি ফেরার ক্ষেত্রে এই ট্রেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

এসি লোকালের স্টপেজও বাড়ানো হয়েছে। শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন শাখার বদকুল্লা স্টেশনে পরীক্ষামূলক ভাবে থামবে চারটি এসি ইএমইউ লোকাল। রবিবার বাদে প্রতিদিন ৩১৮৪৫ নম্বর আপ ট্রেনটি বদকুল্লায় দাঁড়াবে সকাল ১১টা ৫৩ মিনিট থেকে ১১টা ৫৪ মিনিট পর্যন্ত। ৩১৮৪৬ নম্বর ডাউন ট্রেনের স্টপেজ থাকবে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৪১ মিনিট পর্যন্ত। রবিবার ৩১৮৪৭ নম্বর আপ ট্রেনটি বদকুল্লায় দাঁড়াবে দুপুর ১টা ৫৯ মিনিট থেকে ২টো পর্যন্ত। একই দিনে ৩১৮৪৮ নম্বর ডাউন ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ৪টা ১৬ মিনিট পর্যন্ত স্টেশনে দাঁড়াবে।

রেলের বক্তব্য, যাত্রীদের দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই পরিষেবাগুলিতে পরিবর্তন আনা হয়েছে। পুজোর আগে যাত্রীচাপ বাড়ার সময়ে নতুন ট্রেন ও অতিরিক্ত স্টপেজ শহরতলির যাত্রীদের জন্য বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছে রেল।


Share