Mysterious Death

গল্ফগ্রিনের ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার যুগলের নিথর দেহ, মাথায় আঘাতের চিহ্ন তরুণীর, তদন্তে পুলিশ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত যুগলের মাদক সেবনের অভ্যাস থাকতে পারে। ঘটনাস্থল থেকে মাদক উদ্ধার হওয়ায় সেই সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তরুণীর মাথায় আঘাতের চিহ্ন মিলেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ০৭:০৬

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনের অরবিন্দ নগরের একটি বহুতলের ফ্ল্যাট থেকে এক তরুণ-তরুণীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে চারতলার ওই ভাড়া ফ্ল্যাট থেকে যুগলের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু মাদকদ্রব্যও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর বাড়ি রামগড় এলাকায় এবং তরুণের বাড়ি তিলজলায়। তরুণের নাম মহম্মদ দিলশাদ। তাঁরা ওই ফ্ল্যাটে একত্রবাস করতেন। তদন্তে জানা গিয়েছে, একই ফ্ল্যাটে মাঝেমধ্যে আরও এক যুগলও এসে থাকতেন। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শনিবার রাতে তাঁরা সেখানে উপস্থিত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় চার থেকে পাঁচ মাস ধরে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন মৃত যুগল। তরুণ একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। বাড়ির মালিক জানিয়েছেন, তরুণীকে খুব কমই বাইরে বেরোতে দেখা যেত এবং তিনি অধিকাংশ সময় ফ্ল্যাটের মধ্যেই থাকতেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত যুগলের মাদক সেবনের অভ্যাস থাকতে পারে। ঘটনাস্থল থেকে মাদক উদ্ধার হওয়ায় সেই সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তরুণীর মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। তবে সেটি কীভাবে লেগেছে, তা এখনও নিশ্চিত নয়। দুর্ঘটনাবশত পড়ে গিয়ে আঘাত লাগতে পারে বলেও মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ইতিমধ্যেই মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের পরিবারের লোকজন থানায় পৌঁছেছেন এবং পুলিশ তাদের সঙ্গেও কথা বলছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে।


Share