2026 Assembly Election

আট দফার স্মৃতি পেছনে ফেলে কি এক দফায় ভোট পশ্চিমবঙ্গে! তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘এক দফায় ভোট হলে অসুবিধার কী আছে? আগেও এই রাজ্যে এক দফায় ভোট হয়েছে। এক দফায় ভোট করাতে আমরা প্রস্তুত।’’

সিইও অফিস
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৮

আসন্ন বিধানসভা নির্বাচন এক দফায় করার পক্ষেই মত দিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর। সিইও মনোজকুমার আগরওয়ালের দফতর সূত্রে জানা গিয়েছে, ভোট কত দফায় হবে সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে কমিশনের কাছে এক দফায় ভোটের প্রস্তাবই পাঠানো হবে বলে ইঙ্গিত দিয়েছে সিইও দফতর। দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘এক দফায় ভোট হলে অসুবিধার কী আছে? আগেও এই রাজ্যে এক দফায় ভোট হয়েছে। এক দফায় ভোট করাতে আমরা প্রস্তুত।’’

উল্লেখ্য, অতিমারির সময়ে ২০২১ সালে পশ্চিমবঙ্গে আট দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল, যা নিয়ে বিস্তর সমালোচনা হয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, ৩৯ লোকসভা আসনের তামিলনাড়ুতে যদি এক দফায় ভোট সম্ভব হয়, তবে পশ্চিমবঙ্গে কেন আট দফা প্রয়োজন। এ নিয়ে তিনি নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রের সরকার ও বিজেপিকেও সমালোচনা করেছিলেন।

আগামী এপ্রিল-মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির সঙ্গে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। অতীতে ২০১৬ সালে পশ্চিমবঙ্গে সাত দফায় এবং ২০১১ সালে ছ’দফায় বিধানসভা ভোট হয়েছিল। অন্যদিকে, বিজেপির একটি সূত্র জানিয়েছে, এ বার তারা কম দফায় ভোটের পক্ষেই কমিশনের কাছে আবেদন করেছে। সম্প্রতি পাশের রাজ্য বিহারেও এক দফায় বিধানসভা নির্বাচন হয়েছে।

কমিশন মনে করছে, আট দফায় ভোট হলে অশান্তি কম হবে। ভোটে হিংসাও কমে আসবে। নিরাপত্তা বাহিনীও কম ব‍্যবহার করতে হবে। এ ছাড়াও, ভোটের দিনে ছাপ্পা ভোটও রুখে দেওয়া সম্ভব হবে।


Share