Calcutta High Court

মোদীর যোগ দিবস কর্মসূচি ঘিরে রেড রোডে যান চলাচল বন্ধ, তীব্র যানজটের অভিযোগে আদালতের দ্বারস্থ আইনজীবী সংগঠন

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হলে আদালত মামলার অনুমতি দেয়।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৩:২৪

নরেন্দ্র মোদীর যোগ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে টানা সাত দিন কলকাতার রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করার অনুমতি পেল অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হলে আদালত মামলার অনুমতি দেয়।

আইনজীবীদের সংগঠনের অভিযোগ, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক রেড রোড দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে আদালতে যাতায়াতের ক্ষেত্রে আইনজীবী-সহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। সেই কর্মসূচির প্রস্তুতির জন্য প্রশাসন ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

যদিও কলকাতা পুলিশ ও পরিবহণ দফতরের দাবি, সাধারণ মানুষের অসুবিধা কমাতে বিকল্প রাস্তার ব্যবস্থা এবং বিশেষ ট্র্যাফিক পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে আগে থেকেই দুই দফতরের মধ্যে বৈঠকও হয়েছে বলে জানানো হয়েছে।

কলকাতা পুলিশের জারি করা নির্দেশিকা অনুযায়ী, রেড রোডের পাশাপাশি সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে আইনজীবীদের সংগঠন।


Share