Kali Puja

কালীপুজোর বিসর্জনে মহিলা পুলিশের উপর বিশেষ ভরসা লালবাজারের, ১৪টি ঘাট ও সংযোগস্থলে মাইক হাতে দায়িত্বে ২৮ জন

দুর্গাপুজোয় চোরবাগানে ভুল ঘোষণার জেরে বিপর্যয়ের ঘটনার পর বিসর্জন পর্বে বাড়তি সতর্ক লালবাজার। সোমবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ঘাট ও সংলগ্ন এলাকায় মাইক নিয়ে নিয়মিত ঘোষণা করবেন মহিলা পুলিশকর্মীরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৫:৩৪

কালীপুজোর বিসর্জন ঘিরে শহরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। এ বার ১৪টি গুরুত্বপূর্ণ ঘাট ও সংযোগস্থলে মাইক হাতে ঘোষণা করার দায়িত্ব দেওয়া হয়েছে ২৮ জন মহিলা পুলিশকর্মীকে। দুর্গাপুজোয় চোরবাগানে ভুল ঘোষণার জেরে বিপর্যয়ের ঘটনার পর বিসর্জন পর্বে বাড়তি সতর্ক লালবাজার। সোমবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ঘাট ও সংলগ্ন এলাকায় মাইক নিয়ে নিয়মিত ঘোষণা করবেন মহিলা পুলিশকর্মীরা। বিসর্জনের নিয়ম মেনে চলা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ দেবেন তাঁরা। লালবাজারের মতে, মহিলা পুলিশকর্মীদের নির্দেশ সাধারণ মানুষ বেশি গুরুত্ব দিয়ে শোনেন। সেই কারণেই এই বিশেষ উদ্যোগ।

নিমতলা, গোয়ালিয়র, বাজেকদমতলা, বাবুঘাট, বাগবাজার, কুমোরটুলি, দইঘাট, রতনবাবু ও মায়ের ঘাট-সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় চলবে এই ঘোষণা। পাশাপাশি রবীন্দ্র সরণি ও নিমতলা ঘাট স্ট্রিট, নিমতলা ও স্ট্র্যান্ড রোডের সংযোগস্থল, পলাশি গেট রোড ও কিংসওয়ের সংযোগস্থল এবং জলপুলিশের দফতরের কাছেও মোতায়েন থাকবেন মহিলা পুলিশকর্মীরা। বিসর্জনের সময় বাজি ফাটিয়ে যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে, তার জন্য দক্ষিণ কলকাতার আটটি গুরুত্বপূর্ণ মোড় এবং স্ট্র্যান্ড রোডে নজর রাখবে ট্রাফিক পুলিশের ন’টি দল। প্রতিটি দলে থাকবেন ছ’ থেকে আট জন পুলিশকর্মী ও আধিকারিক। গঙ্গায় টহল দেবে জলপুলিশের চারটি দল।

নিরাপত্তা জোরদার করতে নিমতলা, গোয়ালিয়র, দইঘাট এবং জলপুলিশের দফতরের কাছে তৈরি হচ্ছে চারটি বিশেষ পুলিশ ক্যাম্প। শহরজুড়ে থাকছে প্রায় ২৫০টি পুলিশ পিকেট। দিনের বেলায় ২০টি গঙ্গার ঘাটে মোতায়েন থাকবেন পুলিশকর্মীরা। গঙ্গার ২৮টি ঘাটে যন্ত্রচালিত নৌকা, ওয়্যারলেস সেট ও লাউডস্পিকার নিয়ে প্রস্তুত থাকবে বিপর্যয় মোকাবিলা দফতরের (ডিএমজি) দল। জলপুলিশের দফতরে থাকবে আরও দু’টি দল। এ ছাড়া শহরের ১৪টি সরোবর ও জলাশয়ে নৌকা ছাড়াই প্রস্তুত থাকবেন ডিএমজি কর্মীরা।

বেআইনি শব্দবাজি রুখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে দু’দফায় শহরে টহল দেবে পুলিশের একাধিক বাহন। থাকছে ৬২টি পুলিশ কন্ট্রোল রুম ভেহিকেল, ১০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ৩০টি পুলিশ কন্ট্রোল রুম মোবাইল এবং ১৮টি স্পেশাল হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। পাশাপাশি ২২টি ছোট গাড়িতে বিশেষ দল এবং সরু রাস্তায় নজরদারির জন্য ১২৬টি অটো নিয়ে টহল দেবেন পুলিশকর্মীরা। প্রতিটি অটোয় থাকবেন দু’জন করে কর্মী। কোনও এলাকায় যানজট তৈরি হলে এই বাহনের পুলিশকর্মীরাও ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করবেন।

কালীঘাট মন্দিরের নিরাপত্তায় এক ডিসির অধীনে মোতায়েন থাকছেন ১০০ জন পুলিশকর্মী। শহরের আরও ন’টি মন্দিরেও থাকবে পুলিশি নিরাপত্তা। ২৭টি গুরুত্বপূর্ণ মোড় ও ঘাটে নজরদারির জন্য তৈরি হয়েছে ওয়াচটাওয়ার। প্রতিটি ওয়াচটাওয়ার থেকে বাইনোকুলার নিয়ে নজর রাখবেন দু’জন পুলিশকর্মী। শব্দবাজি নিয়ন্ত্রণে বহুতলের ছাদ থেকেও চলবে নজরদারি। দমকলের ইঞ্জিনকে পথ দেখাতে ন’টি জায়গায় তৈরি থাকবে পুলিশের গাড়ি। এ ছাড়া ন’টি জায়গায় কুইক রেসপন্স টিম, চারটি জায়গায় স্পেশাল কিউআরটি, ১০টি অ্যাম্বুল্যান্স এবং ১৪টি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হচ্ছে। হেস্টিংসের পুলিশ ট্রেনিং স্কুলে তৈরি হয়েছে অতিরিক্ত কন্ট্রোল রুম।


Share