Cyber Security

সাইবার সংক্রান্ত সংঘটিত অপরাধ রুখতে ব্যাঙ্কগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ, আরবিআইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে বৈঠক করল লালবাজার

কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়াল ছাড়াও সাইবার অপরাধ দমন বিভাগের কর্তা এবং আধিকারিকেরা ছিলেন। মূলত রিজার্ভ ব্যাঙ্ক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়েই এই বৈঠক হয়েছে।

লালবাজারের আরবিআইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে কলকাতা পুলিশের কমিশনার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ১০:০২

সাইবারের সংঘটিত অপরাধ এখন সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই চক্রকে রুখতে এবং অপরাধীদের চিহ্নিত করতে ব‍্যাঙ্কগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ মনে করছে, তাই পুলিশ এবং ব‍্যঙ্কগুলির সমন্বয় গুরুত্বপূর্ণ। বুধবার বিকেলে রিজার্ভ ব্যাঙ্ক এবং সমস্ত ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে নিয়ে বৈঠক করল লালবাজার। বৈঠকে কলকাতার কমিশনার অজয়কুমার নন্দ এবং অতিরিক্ত কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়াল ছিলেন।

কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়াল ছাড়াও সাইবার অপরাধ দমন বিভাগের কর্তা এবং আধিকারিকেরা ছিলেন। মূলত রিজার্ভ ব্যাঙ্ক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়েই এই বৈঠক হয়েছে। লালবাজার সূত্রের খবর, সাইবার প্রতারকেরা প্রতিনিয়ত অপরাধ সংঘটিত করতে নিত‍্যনতুন পরিকল্পনা করছে। তাই টাকার ‘ট্রেল’ দ্রুত শনাক্ত করার প্রয়োজন রয়েছে। তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অপরাধের নতুন প্রবণতা কীভাবে ঠেকানো যাবে তা নিয়ে কৌশলগত আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি জাল নথি দিয়ে বিভিন্ন ব‍্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ সামনে এসেছে। এমনকী, গ্রাহকদের নথি জাল, জাল আইটি শংসাপত্র দিয়েও ঋণ নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ডিজিটাল গ্রেফতারি, কাজ দেওয়ার নামে প্রতারণা, ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগও সামনে এসেছে। পুলিশ মনে করছে, এই নেপথ্যে সংঘটিত বড় নেটওয়ার্ক কাজ করছে। তাই এমন অভিযোগ পেলেই পুলিশকে জানাতে বলা হয়েছে। উদ্দেশ্য, প্রতারকেদের কাছে টাকার লেনদেন যাতে কমিয়ে আনা যায়।

এ ছাড়াও, প্রতারণা থেকে অর্জিত অর্থের টাকা নগদের পাশাপাশি ব‍্যাঙ্কেও জমা হয়। কোনও গ্রাহকের অ্যাকাউন্টে এমন সন্দেহজনক লেনদেন চোখে পড়লে তা চিহ্নিত করতে বলা হয়েছে। সেই নির্দিষ্ট গ্রাহকদের তথ‍্য যাচাই করে সেই তথ্য পুলিশকেও দিতে বলা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। ব্যাঙ্কিং ব্যবস্থায় বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামো, গ্রাহকের পরিচয় যাচাই, প্রতারণা ঝুঁকি ব্যবস্থাপনার ওপরেই এই বৈঠক জোর দেওয়া হয়েছে।

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল আর্থিক সুরক্ষা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন‍্য উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। প্রতারণা শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। সর্বোত্তম ভাবে স্বীকৃত পদ্ধতি এ ক্ষেত্রে অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রতারণার শিকার নাগরিকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তির ওপরও জোর দেওয়া হয়েছে এই বৈঠকে।


Share