Kunal Ghosh

পর পর দু’দিন গাড়িতে হামলার অভিযোগ, ‘মেরে ফেলার চক্রান্ত’! নিরাপত্তা চেয়ে হাই কোর্টে কুণাল ঘোষ

কুণালের আবেদন, ভবিষ্যতে তাঁর উপর যাতে কোনও ধরনের হামলা না হয়, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হোক। হয় তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হোক, অথবা পর পর দু’দিন তাঁর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ পদক্ষেপ করুক।

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:২০

পর পর দু’দিন গাড়িতে হামলার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে তাঁর অভিযোগ, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ওই বিধায়ক। কুণালের আবেদন, ভবিষ্যতে তাঁর উপর যাতে কোনও ধরনের হামলা না হয়, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হোক। হয় তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হোক, অথবা পর পর দু’দিন তাঁর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ পদক্ষেপ করুক।

কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন করেন কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, কুণাল একজন নির্বাচিত বিধায়ক। পর পর দু’দিন তাঁর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এর জেরে তাঁর প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। তাই বিষয়টির দ্রুত শুনানি প্রয়োজন।

কুণালকে মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি ভট্টাচার্য। তবে তিনি মামলাটির দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেননি। ওই আবেদন খারিজ করে বিচারপতি জানিয়েছেন, নিয়ম মেনেই হাই কোর্টের শুনানির তালিকায় মামলাটি আসবে।

শনিবার শ্রীরামপুরের কোর্টের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর এবং ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতির জেরে বিধায়ক শ্রীরামপুরে পৌঁছোতে পারেননি। কাচ ভাঙা গাড়ি নিয়েই তিনি কলকাতায় ফিরে আসেন। এর পর সোজা ভবানীভবনে গেলেও সেখানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পর রবিবার সকালে নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটাতেই ফের হামলার অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, বাড়ি থেকে বেরোনোর সময় কয়েক জন রিভলভার হাতে তাঁকে অনুসরণ করছিলেন। পরে হাতুড়ি দিয়ে তাঁর গাড়ির কাচ ভাঙার চেষ্টা করা হয়। গাড়ির সামনের ও পিছনের কাচ লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তাতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুণালের আরও দাবি, নারকেলডাঙা পর্যন্ত তাঁর গাড়ি ধাওয়া করা হয়। সেখানে বাইকে থাকা কয়েক জন তাঁর গাড়িকে ওভারটেক করে পথ আটকে দেন। পরিস্থিতি সামাল দিতে তাঁর নিরাপত্তারক্ষীদের বন্দুক বার করতে হয় বলে দাবি বিধায়কের। এমনকি তাঁর কলারও চেপে ধরা হয়েছিল বলে অভিযোগ।

পুরো ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন কুণাল। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পর পর হামলার অভিযোগের পর নিরাপত্তা চেয়ে এ বার হাই কোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক।


Share