Narendra Modi

কলকাতার ব্রিগেডে আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় মঞ্চ, ১২ বছরের ইতিহাসে প্রথমবার প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী

কলকাতার মূল অনুষ্ঠানের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে যোগচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৬:৫৩

নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় স্তরের মূল অনুষ্ঠান হতে চলেছে কলকাতায়। রাষ্ট্রপুঞ্জ ২০১৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর, ১২ বছরের ইতিহাসে এই প্রথম জাতীয় পর্যায়ের প্রধান উদযাপনের আয়োজক হচ্ছে শহর কলকাতা। আগামী ২১ জুন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের কথা জানিয়েছিলেন।

এই বৃহৎ আয়োজনকে সামনে রেখে রাজ্যের সমস্ত জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষকে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। শনিবার প্রকাশিত ওই নির্দেশিকায় জানানো হয়েছে, এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য ‘যোগ ফর হেলদি এজিং’ বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। কলকাতার মূল অনুষ্ঠানের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে যোগচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের পরিকল্পনায় এ বছর বেশ কিছু বিশেষ উদ্যোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘হিমালয় টু সি যোগ’, ‘গঙ্গা যোগ করিডর’, ‘হেরিটেজ যোগ সিরিজ’, চা-বাগান এলাকায় যোগাভ্যাসের প্রসার এবং সুন্দরবনকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি। প্রশাসনের লক্ষ্য, যোগকে শুধু শরীরচর্চার মাধ্যম হিসেবে নয়, বরং সুস্থ জীবনযাপন ও অসংক্রামক রোগ প্রতিরোধের কার্যকর উপায় হিসেবে তুলে ধরা।

নির্দেশিকায় জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত, পুরসভা, স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে সক্রিয়ভাবে যুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, মহিলা, প্রবীণ নাগরিক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ইউনিফর্মড বাহিনী এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

প্রশাসনের একাংশের মতে, জাতীয় স্তরের এই অনুষ্ঠানের জন্য কলকাতাকে বেছে নেওয়া রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। তাঁদের ধারণা, দেশের অন্যতম বৃহৎ জনসমাবেশস্থল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠান যোগচর্চার প্রসারের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে সক্ষম হবে।


Share