Cheating

বাবার কিডনি প্রতিস্থাপনের ঋণ শোধ করতে মরিয়া, ৫০ হাজারে ডিম্বাণু বিক্রির প্রস্তাবে রাজি কলকাতার তরুণী ! হায়দরাবাদে গিয়ে বুঝলেন ভয়ংকর ফাঁদে পড়েছেন

সংসারের এই চরম আর্থিক দুরবস্থা থেকে পরিবারকে মুক্তি দিতে কলকাতার ২৫ বছরের এক তরুণী মরিয়া হয়ে উঠেছিলেন। আর একটি চক্র সেই অসহায়তার সুযোগই নেয়। মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁকে ডিম্বাণু দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০৬:০৭

বাবার দু’টি কিডনিই বিকল। প্রতিস্থাপনের জন্য সাড়ে তিন লক্ষ টাকা ধার করতে হয়েছিল। সেই ঋণের টাকা ফেরত পেতে মহাজনেরা প্রায় প্রতিদিনই বাড়িতে হাজির হতেন। সংসারের এই চরম আর্থিক দুরবস্থা থেকে পরিবারকে মুক্তি দিতে কলকাতার ২৫ বছরের এক তরুণী মরিয়া হয়ে উঠেছিলেন। আর একটি চক্র সেই অসহায়তার সুযোগই নেয়। মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁকে ডিম্বাণু দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। রাজি হওয়ার পর তাঁকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছেই বুঝতে পারেন, তিনি জড়িয়ে পড়েছেন ডিম্বাণু সংগ্রহ ও বিক্রির একটি বেআইনি কারবারে।

গত ৩০ অক্টোবর হায়দরাবাদ ও সেকেন্দরাবাদের পাঁচটি জায়গায় একযোগে অভিযান চালায় তেলঙ্গানার মালকাজগিরি পুলিশ। সেখান থেকে ৪৩ জন মহিলাকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দেশের বিভিন্ন প্রান্তের আর্থিক ভাবে বিপর্যস্ত মহিলাদের চিহ্নিত করে মোটা টাকার প্রলোভন দেখিয়ে এই চক্রে সামিল করা হত। এরপর তাঁদের কাছ থেকে বেআইনি ভাবে ডিম্বাণু সংগ্রহ করে বিক্রি করা হত। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ আট জনকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের অনুমান, গত দু’বছর বা তারও বেশি সময় ধরে সক্রিয় ছিল এই চক্র।

উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে রয়েছেন কলকাতার এক বাসিন্দাও। অসুস্থ বাবা, দিনমজুর মা এবং পড়াশোনা করা চার ভাইবোনকে নিয়ে অভাবের সংসার। বাবার কিডনি প্রতিস্থাপনের জন্য নেওয়া ঋণের বোঝা সামলাতে পারছিল না পরিবার। সেই পরিস্থিতিতে তাঁকে ৫০ হাজার টাকার বিনিময়ে ডিম্বাণু দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরিবারের আর্থিক দুরবস্থার কথা ভেবেই তাতে রাজি হয়েছিলেন বলে দাবি ওই তরুণীর। কিন্তু ডিম্বাণু দানের আইনি বিধি কিংবা এর সম্ভাব্য শারীরিক ঝুঁকি সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না।

তেলঙ্গানা পুলিশের তদন্তে উঠে এসেছে, এই চক্রের কার্যপদ্ধতি ছিল বেশ সুসংগঠিত। এর সঙ্গে যুক্ত ছিল একাধিক স্তরের সদস্য—সংগঠক, নিয়োগকারী, এজেন্ট ও মধ্যস্থতাকারী। দেশের বিভিন্ন রাজ্যে পরিচিতদের মাধ্যমে আর্থিক সংকটে থাকা মহিলাদের চিহ্নিত করা হত। পরে তাঁদের হায়দরাবাদে নিয়ে গিয়ে হস্টেল কিংবা ভাড়াবাড়িতে রাখা হত। সেখান থেকে পাঠানো হত প্রজনন চিকিৎসার সঙ্গে যুক্ত বিভিন্ন কেন্দ্রে। হায়দরাবাদের ২৩টি প্রজনন চিকিৎসা কেন্দ্রের সঙ্গে এই চক্রের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দারাও রয়েছেন। তাঁদের কয়েক জনকে আদৌ কী কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি।

তদন্তকারীদের সন্দেহ, এই চক্রের মূল সংগঠক অমিত শর্মা। অন্য দিকে, নিকহত পারভিনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মহিলাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে নিয়োগ করে হায়দরাবাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার অভিযোগ উঠেছে। অমিত শর্মা, নিকহত পারভিন, রেশমা খাতুন-সহ মোট আট জনকে পুলিশ গ্রেফতার করেছে। গত ১ নভেম্বর তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

তদন্তকারী এক আধিকারিকের দাবি, এক নিয়োগকারীর কাছ থেকে বিভিন্ন রাজ্যের মহিলাদের নামে তৈরি ১০০টি জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। অভিযোগ, মহিলাদের পরিচয়পত্র ও ব্যাঙ্কের নথি নিরাপদে রাখার আশ্বাস দিয়ে সেগুলি নিয়ে নেওয়া হত। কিন্তু পরে আর ফেরত দেওয়া হয়নি। উদ্ধার হওয়া কয়েক জন মহিলাও তদন্তকারীদের কাছে এমন অভিযোগ জানিয়েছেন।

উদ্ধার হওয়া মহিলাদের প্রত্যেকের পরিস্থিতি এক নয়। তাঁদের মধ্যে এক জনের স্বামী দুর্ঘটনার পর থেকে শয্যাশায়ী। ৭৫ বছরের দিদিমার দেখভালের দায়িত্বও তাঁর উপর। তাঁকে এক মাসের কাজের জন্য ৩০ হাজার টাকা এবং দিনে চার বেলা খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অন্য এক মহিলা ভেবেছিলেন, নিঃসন্তান দম্পতিদের সন্তানলাভে সাহায্য করার কাজ করবেন। তাঁর নিজেরও ১২ বছরের একটি মেয়ে রয়েছে।

আবার ২৬ বছরের এক মহিলাকে হায়দরাবাদে ক্যাটারিংয়ের কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। মাসে ৪০ হাজার টাকা বেতনের আশ্বাস পেয়ে মুম্বই থেকে সেখানে পৌঁছন তিনি। কিন্তু যাওয়ার পর জানতে পারেন, তাঁকে আসলে ডিম্বাণু বিক্রি করতে হবে। এমনকি গোটা প্রক্রিয়াটি যন্ত্রণাহীন হবে বলেও তাঁকে আশ্বস্ত করা হয়েছিল বলে অভিযোগ।

২০২১ সালের সহায়ক প্রজনন প্রযুক্তি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, মানব ডিম্বাণু বিক্রি বা হস্তান্তর নিষিদ্ধ। ২৩ থেকে ৩৫ বছর বয়সি মহিলারা নির্দিষ্ট নিয়ম মেনে ডিম্বাণু দান করতে পারেন। তবে জীবনে একবারের বেশি নয় এবং একবারে সর্বাধিক সাতটি ডিম্বাণু সংগ্রহের অনুমতি রয়েছে। পাশাপাশি, ডিম্বাণু সংগ্রহের পরবর্তী ১২ মাসে সম্ভাব্য শারীরিক জটিলতার কথা মাথায় রেখে দাতার স্বাস্থ্যবিমার ব্যবস্থাও বাধ্যতামূলক।

পুলিশের বক্তব্য, এই ঘটনায় উদ্ধার হওয়া মহিলারা তদন্তের গুরুত্বপূর্ণ সাক্ষী। চক্রের আরও কয়েক জন সদস্য এখনও অধরা। সেই কারণে আপাতত তাঁদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তবে পরিবারের কাছে ফেরার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।

কলকাতার ওই তরুণী জানিয়েছেন, ১২ দিন ধরে আশ্রয়কেন্দ্রে রয়েছেন তিনি। কাঁদতে কাঁদতেই কেটেছে দীপাবলি। অসুস্থ বাবার মুখটাও দেখতে পাচ্ছেন না। তাঁর একটাই আর্জি, ছটপুজোর আগেই যেন পরিবারের কাছে ফিরতে পারেন। আর কখনও হায়দরাবাদে পা রাখতে চান না তিনি।


Share