Kolkata Monsoon

ঘণ্টাখানেকের ঝড়বৃষ্টিতেই কলকাতা জলমগ্ন, চাঁদনি চকে গাছ ভেঙে স্তব্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ, দুর্ভোগ নিট পরীক্ষার্থীদের

চাঁদনি চকে একটি বড় গাছ উপড়ে পড়ায় কিছু সময়ের জন্য সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছটি বিদ্যুতের তারের উপর পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

চাঁদনি চকে উপড়ে পড়েছে বড় গাছ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০২:৫৭

ঘণ্টাখানেকের প্রবল ঝড়বৃষ্টিতে রবিবার সকালে কলকাতার একাধিক এলাকায় জল জমে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। চাঁদনি চকে একটি বড় গাছ উপড়ে পড়ায় কিছু সময়ের জন্য সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছটি বিদ্যুতের তারের উপর পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন পুরসভার কর্মী ও সিইএসই-র প্রতিনিধিরা। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় গাছটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে রবিবার হওয়ায় রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকায় বড়সড় যানজটের সৃষ্টি হয়নি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টার টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে। পাটুলি, যাদবপুর, কসবা, শিয়ালদহ, কাঁকুরগাছি-সহ একাধিক এলাকায় জল জমার খবর পাওয়া গিয়েছে। যদিও বৃষ্টি থামার পর বেশ কয়েকটি এলাকায় জল নামতে শুরু করেছে। আরজি কর মেডিকেল কলেজের ভিতরেও জল ঢুকে পড়েছে বলে জানা গিয়েছে।

এ দিন সকালে কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় আবহাওয়া স্বাভাবিক থাকলেও সকাল ১১টা নাগাদ শুরু হয় বৃষ্টি। একই দিনে অনুষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট। দুপুর দু'টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় ঝড়বৃষ্টির কারণে বহু পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে সমস্যার মুখে পড়তে হয়েছে। তবে রবিবার হওয়ায় স্কুল, কলেজ ও অধিকাংশ অফিস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ তুলনামূলকভাবে কম ছিল এবং শহরে উল্লেখযোগ্য যানজটও দেখা যায়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে। কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


Share