Metro Railway

কলকাতা স্টেশনও জুড়তে পারে মেট্রো নেটওয়ার্কে, করুণাময়ী-কলকাতা স্টেশন, নতুন রুটের ভাবনা রেলের

প্রাথমিক সমীক্ষার জন্য প্রায় আট লক্ষ টাকা ব্যয় করা হবে। সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৫:২৫

হাওড়া, শিয়ালদহ ও বিমানবন্দরের পর এ বার কলকাতা স্টেশনকেও মেট্রো রেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে রেল মন্ত্রক। করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত একটি নতুন মেট্রো করিডর তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে প্রাথমিক সমীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবিত রুটটি ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল ও সল্টলেকের ৬ নম্বর আইল্যান্ড হয়ে করুণাময়ী পর্যন্ত বিস্তৃত হতে পারে। করুণাময়ীতে ইতিমধ্যেই গ্রিন লাইনের মেট্রো স্টেশন রয়েছে। ফলে নতুন করিডর চালু হলে তা বিদ্যমান মেট্রো নেটওয়ার্কের সঙ্গে সহজেই সংযুক্ত হবে।

মেট্রো কর্তৃপক্ষের ধারণা, রুটের অধিকাংশ অংশ খালের উপর দিয়ে নির্মাণ করা সম্ভব হওয়ায় জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা তুলনামূলকভাবে কম হবে। প্রাথমিক সমীক্ষার জন্য প্রায় আট লক্ষ টাকা ব্যয় করা হবে। সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ দিকে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নির্মীয়মাণ ও আটকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে করেন। নবান্নের সভাঘরে সকাল ১১টা থেকে দুপুর দু'টো পর্যন্ত বৈঠক হয়েছে।

বৈঠকে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল এবং কলকাতা মেট্রো রেলের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার কথা। পাশাপাশি রাজ্যের সমস্ত বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।

রেল সূত্রের খবর, বিধায়কদের তাঁদের নিজ নিজ এলাকার রেল-সংক্রান্ত দাবি ও প্রয়োজনের তালিকা প্রস্তুত করে আনতে বলা হয়েছে। কোথায় ডবল লাইন প্রয়োজন, কোথায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ দরকার বা অন্য কোনও পরিকাঠামোগত উন্নয়নের দাবি থাকলে তা সরাসরি রেলমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পাবেন তাঁরা।


Share