Kolkata Municipal Corporation

বর্ষার আগেই যুদ্ধকালীন তৎপরতা কলকাতা পুরসভায়, শহরে জল জমা রুখতে তৈরি 'অ্যাকশন প্ল্যান', দাবি প্রশাসনের

শুক্রবার ফের বেহালার শরৎ সদনে পূর্ব ও পশ্চিম বেহালার বিভিন্ন ওয়ার্ডের বর্ষাকালীন পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন পুর-প্রশাসক।

কলকাতা পুরসভা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৮:০৫

আর কিছুদিন বাকি। তারপরেই কলকাতায় প্রবেশ করতে চলেছে বর্ষা। এই বৃষ্টির ফলে জল যাতে জমা না হয় সে বিষয়ে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরসভা। শহরের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের মধ্যে পুরবোর্ড ভেঙে যাওয়ার পর প্রশাসকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বর্ষাকালে কলকাতায় জল জমা রোধ করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পুর প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বৃষ্টির কারণে শহরবাসীর দৈনন্দিন জীবনে যেন কোনও ধরনের ভোগান্তি না হয়।

এই আবহে ইতিমধ্যেই কলকাতা উত্তর ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডে বর্ষাকালীন পরিস্থিতি মোকাবিলা নিয়ে পুরসভার বিভিন্ন বিভাগের সঙ্গে আধিকারিক নিয়ে দু'বার বৈঠকে বসেছেন পুর প্রশাসন। শুক্রবার ফের বেহালার শরৎ সদনে পূর্ব ও পশ্চিম বেহালার বিভিন্ন ওয়ার্ডের বর্ষাকালীন পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন পুরপ্রশাসক।

শহরের যে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির ফলে জল জমার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি, সেই জায়গাগুলিকে ব্ল্যাক স্পট হিসাবে চিহ্নিত করে পুরসভার তরফ থেকে অতিরিক্ত পাম্প রাখার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে পরিত্যক্ত ও ফাঁকা বাড়িগুলি চিহ্নিত করে তার চার পাশ পরিষ্কার করারও পরিকল্পনা হয়েছে। খালগুলির সঙ্গে ড্রেনেজ পাম্পিং স্টেশনের সংযোগ পথ পরিষ্কার রাখা নিয়ে পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকরা সেচ দফতরের সঙ্গে কথা বলেছেন। নিকাশি বিভাগের এক শীর্ষ আধিকারিক জানান, বৃষ্টি হওয়ার পরে দ্রুত যাতে জল সরানো যায়, সেই সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা করা হয়েছে।


Share