Durga Puja

মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ করতে শহরের সমস্ত পুজোর প‍্যান্ডগুলিতে নজরদারি চালাবে পুলিশ, সমস্ত ডেপুটি কমিশনারদের নির্দেশ লালবাজারের

লালবাজার সূত্রে জানা গিয়েছে, সব পুজো প‍্যান্ডেল নয় বরং বড় পুজো প‍্যান্ডের দিকেই নজর থাকবে পুলিশের। যে সময়ে দর্শনার্থীদের জমায়েত বেশি থাকবে তখনই নজরদারি থাকবে। রাতের দিকেও বিশেষ নজরদারি চালানো হবে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৭

এই প্রথম শহরের বড় দুর্গাপুজোর প‍্যান্ডেলগুলিতে মাদকদ্রব্যের সেবন এবং পাচার রুখতে বিশেষ অভিযান চালাবে কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার এই সংক্রান্ত একটি বৈঠক করেন অতিরিক্ত কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়াল। লালবাজারের মাদক পাচার দমন শাখার গোয়েন্দাদের সঙ্গে দীর্ঘ ক্ষণ বৈঠক করেন। সূত্রের খবর, গোয়েন্দারা কী ভাবে কাজটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায় তার পরিকল্পনা বিস্তারিত ভাবে জানিয়েছেন। ডিভিশনের প্রতিটি ডেপুটি কমিশনারদের কাছে ইতিমধ্যেই সেই নির্দেশিকা পাঠানো হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ডিভিশন ভিত্তিক তিন থেকে চার জন করে আধিকারিক এই নজরদারি চালাবেন। সাদা পোশাকেই তাঁরা নজরদারিতে থাকবেন।

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, সব পুজো প‍্যান্ডেল নয় বরং বড় পুজো প‍্যান্ডের দিকেই নজর থাকবে পুলিশের। যে সময়ে দর্শনার্থীদের জমায়েত বেশি থাকবে তখনই নজরদারি থাকবে। রাতের দিকেও বিশেষ নজরদারি চালানো হবে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকেই এই বিশেষ অভিযান শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। এ ছাড়াও, শহরে মাদক পাচার রুখতে পুজোর আগে থেকেই অভিযান শুরু হয়ে গিয়েছে। তবে এই প্রথম বড় পুজো প‍্যান্ডেলে মাদক পাচার রুখতে অভিযান চালাবে লালবাজার। সে ক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকেও সাহায্য নেওয়া হতে পারে পুলিশের এক কর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, ‘নেশা মুক্ত ভারত’ অভিযানের রাজ‍্য পুলিশ এবং কলকাতা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর এবং গত সপ্তাহে বিধাননগরে ফেনসিডিলের বোতল বুলডোজার দিয়ে ভেঙে মাদক পাচারের বিরুদ্ধে বার্তা দিয়েছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন‍্য দিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রাজ‍্য পুলিশেরর এসটিএফে নতুন বিভাগ এএনটিএফ গঠন করা হয়েছে। তারা মূলত মাদক পাচার নিয়েই কাজ করছে। এসটিএফের এক কর্তার বক্তব্য, মাদক পাচারকারীরা তাঁর গতিবিধির পরিবর্তন করেছে। মাদক পাচার একেবারেই নির্মূল করা নিয়ে ওই কর্তা নিজেও সন্দেহ প্রকাশ করেছিলেন।


Share