Traffic Surgent Arrested

মত্ত অবস্থায় মহিলা চিকিৎসকে কুরুচিকর ভাষায় গালিগালাজ করার অভিযোগ, বাদ গেল না আইনজীবীও, গ্রেফতার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট

জানা গিয়েছে, শুক্রবার রাত ২টো থেকে আড়াইটে নাগাদ বিধাননগর উত্তর থানায় একটি ফোন আসে। বিধাননগর উত্তর থানার এলাকার সিএবি ক্যাম্পের কাছে কলকাতা পুলিশের আবাসনের কাছে একজন পুলিশকর্মী মত্ত অবস্থায় বাকি পুলিশকর্মী এবং তাঁদের পরিবারের লোকজনকে গালিগালাজ করছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০৭:৫০

মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে কুরুচিকর ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক পুলিশ আধিকারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট। তিনি লালবাজারে কর্মরত ছিলেন। ধৃতের নাম দিব‍্যেন্দু সিংহ। তাঁকে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করেছে। 

জানা গিয়েছে, শুক্রবার রাত ২টো থেকে আড়াইটে নাগাদ বিধাননগর উত্তর থানায় একটি ফোন আসে। বিধাননগর উত্তর থানার এলাকার সিএবি ক্যাম্পের কাছে কলকাতা পুলিশের আবাসনের কাছে একজন পুলিশকর্মী মত্ত অবস্থায় বাকি পুলিশকর্মী এবং তাঁদের পরিবারের লোকজনকে গালিগালাজ করছে। বিধাননগর উত্তর থানার পুলিশ সেখানে পৌঁছোয়। অভিযুক্ত পুলিশকর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

দিব‍্যেন্দুর বিরুদ্ধে অভিযোগ, মত্ত অবস্থায় অভিযুক্ত পুলিশকর্মীকে থানায় নিয়ে আসার পরেও তিনি ডিউটি অফিসারকে  অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন। এরপর ওই অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্টকে গ্রেফতার করা হয়। নিয়ম অনুযায়ী গ্রেফতারের পর মেডিকেল পরীক্ষা করানোর জন‍্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও এক মহিলা চিকিৎসকে গালিগালাজ করার পরে মারমুখী হয়ে ওঠেন দিব‍্যেন্দু। এরপর কোনওমতে তাঁর শারীরিক পরীক্ষার পর দিব‍্যেন্দুকে বিধাননগর উত্তর থানায় ফিরিয়ে আনা হয়। 

এখানেই শেষ নয়, শনিবার অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্টকে বিধাননগর আদালতে পেশ করা হয়। তখন তাঁর মামলার সঙ্গে যুক্তও নয় এমন আইনজীবীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ওই অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। 

কীর্তিমান ট্র্যাফিক সার্জেন্টকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জামিনের আবেদন করা হলেও তা খারিজ হয়েছে। এর আগেও এই ট্র্যাফিক সার্জেন্টের বিরুদ্ধে মত্ত অবস্থায় নিজের আবাসনে মারমুখী হওয়া এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল। লালবাজার তাঁকে সাসপেন্ড করেছে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। 


Share