Durga Puja

দুর্গাপঞ্চমীতে শহরজুড়ে ধরপাকড়, গ্রেফতার ২৮ জন, আইনভঙ্গের অভিযোগে ৩০০-র বেশি গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ কলকাতা পুলিশের

মদ্যপ অবস্থায় মারপিট ও অশান্তি সৃষ্টির অভিযোগে ধৃতদের বিরুদ্ধে পেটি কেস করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩৩৪টি গাড়ি ও মোটরবাইকের মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করেছে ট্রাফিক পুলিশ।

লালবাজার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১১:৫৫

দূর্গাপঞ্চমীতে শহরজুড়ে ধরপাকড় চলল। মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি, মদ‍্যপ অবস্থায় শান্তি বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। ধৃতদের শুক্রবার আদালতে হাজির করানো হবে।

লালবাজার সূত্রের খবর, শহরের সবকটি ডিভিশনের থানাগুলি থেকে অশান্তির খবর পাওয়ার পরেই ২৮ জন গ্রেফতার হয়েছে। মদ‍্যপ অবস্থায় মারপিট, অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পেটি কেস করা হয়েছে। শুক্রবার তাঁদের আদালতে হাজির করানো হবে।

পাশাপাশি মদ‍্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬১টি গাড়ির মালিককে বিরুদ্ধে পদক্ষেপ করেছে ট্রাফিক পুলিশ। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য ৬৫ জন গাড়ির মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। বিনা হেলমেটে গাড়ি চালানোর জন্য ৯৫ জন গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একটি মোটরবাইকে তিন জন থাকায় ৩৫ জন গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘন করার অভিযোগে সব মিলিয়ে ৩৩৪ জন গাড়ি ও মোটরবাইকের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুর্গাপুজোর আগে সমস্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গাপুজোয় শহরকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে পুলিশ। অশান্তি, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ৩২ হাজার বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। তার মধ্যে ছ’হাজার সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ড আছে। ৬ হাজার সিভিক পুলিশ এবং হোমগার্ড নামানো হয়। বাকি কনস্টেবল, পুলিশ আধিকারিক এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্তা রয়েছেন। ১৪টি জায়গায় অ‍্যাম্বুলেন্স রাখা থাকবে। ১১২ বা ১০০ নম্বর সর্বক্ষণ চালু থাকবে। দর্শনার্থীর অসুস্থ হয়ে পড়ার খবর সামনে এলে এই ১৪টি জায়গার মধ্যে থেকে অ‍্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে।


Share