Bank Forgery

সরকারি সংস্থার অ‍্যাকাউন্টের চেক জালিয়াতি করে দু’কোটি টাকা বেশি জালিয়াতির অভিযোগ পোস্তার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম‍্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

ব্যাঙ্কের কলকাতা রিজিওনাল অফিসের চিফ ম্যানেজার বিপ্লব মুখোপাধ্যায় গত ১১ নভেম্বর জোড়াবাগান থানার ওসি-র কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন। অভিযোগপত্রে ব্যাঙ্কের কলকাতা-পোস্তা শাখার ম্যানেজার দিলীপ কুমারের বিরুদ্ধে এই জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ ১২:২০

কলকাতায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক কর্মীর বিরুদ্ধে বিপুল অঙ্কের আর্থিক জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ উঠল। বিহার স্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৬টি সন্দেহজনক ও অননুমোদিত লেনদেনের মাধ্যমে মোট ২ কোটি ৭২ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা তুলে নেওয়ার অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক।

ব্যাঙ্কের কলকাতা রিজিওনাল অফিসের চিফ ম্যানেজার বিপ্লব মুখোপাধ্যায় গত ১১ নভেম্বর জোড়াবাগান থানার ওসি-র কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন। অভিযোগপত্রে ব্যাঙ্কের কলকাতা-পোস্তা শাখার ম্যানেজার দিলীপ কুমারের বিরুদ্ধে এই জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে।

ব্যাঙ্কের অভিযোগ অনুযায়ী, পটনার শাস্ত্রীনগর শাখায় বেলট্রনের নামে থাকা নম্বরের সেভিংস অ্যাকাউন্ট থেকে গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে ৫৬টি চেকের মাধ্যমে ওই বিপুল পরিমাণ টাকা তোলা হয়। অথচ বেলট্রন কর্তৃপক্ষ ব্যাঙ্ককে জানিয়েছে, এই লেনদেনগুলির কোনওটিই তাদের অনুমোদিত নয়। এমনকী, টাকা তোলার জন্য ব্যবহৃত মূল চেকগুলিও তাদের হেফাজতে রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। কোনও চেক ইস্যু করা বা টাকা তোলার অনুমতি দেওয়ার কথাও অস্বীকার করেছে তারা।

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অভ্যন্তরীণ তদন্ত এবং ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখে দিলীপ কুমারের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ব্যাঙ্কের দাবি, বিভিন্ন শাখার একাধিক অ্যাকাউন্টের গ্রাহকদের নমুনা স্বাক্ষর, অব্যবহৃত চেকের তথ্য এবং অ্যাকাউন্টে থাকা ব্যালান্সের মতো গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য তিনি অ্যাক্সেস করেছিলেন।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, ব্যাঙ্কের কর্মী দিলীপ কুমারের সঙ্গে কথা বলার সময় তিনি স্বীকার করেছেন যে, ওই সংবেদনশীল তথ্য তৃতীয় পক্ষের হাতে তুলে দিয়েছিলেন। সেই তথ্য ব্যবহার করেই জালিয়াতির ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছে ব্যাঙ্ক। তবে কীভাবে গোটা জালিয়াতি চক্র কাজ করেছে এবং কারা এর সঙ্গে যুক্ত, তা বিস্তারিত পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে বলে অভিযোগপত্রে জানানো হয়েছে।

ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, ন’টি পৃথক ব্যাঙ্কের শাখার মাধ্যমে সন্দেহজনক চেক জমা দিয়ে টাকা বিভিন্ন সুবিধাভোগীর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে যুক্ত চেকের প্রতিলিপি, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, বেলট্রনের চিঠি এবং টাকা প্রাপকদের নাম ও অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

জোড়াবাগান থানার পুলিশের কাছে ব্যাঙ্কের আবেদন, ৫৬টি সন্দেহজনক লেনদেনের বিস্তারিত তদন্ত করে জালিয়াতির পদ্ধতি চিহ্নিত করা হোক। চেক জমা দেওয়া ব্যক্তি এবং টাকা পাওয়া সুবিধাভোগীদের শনাক্ত করার পাশাপাশি প্রতারণার মাধ্যমে সরিয়ে নেওয়া টাকা চিহ্নিত করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার পদক্ষেপও করা হোক। 

অভিযোগের ভিত্তিতে জোড়াবাগান থানার পুলিশ এফআইআর দায়ের করেছে। ভারতীয় ন‍্যায় সংহিতার ৩১৬(৫), ৩১৮(৪), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) এবং ৬১(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। 


Share