Taratala Incident

নির্মাণে ইঞ্জিনিয়ারদের কোনও ভূমিকাই ছিল না, তারাতলা গুদাম বিপর্যয়ের ঘটনায় চার্জশিট দিল কলকাতা পুলিশ

কলকাতার প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়-সহ সাত জনের নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ঘটনার তিন মাসের মাথায় চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশ।

তারাতলা গুদাম বিপর্যয়ের ঘটনায় চার্জশিট দিল কলকাতা পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩

তারাতলার বিপর্যয়ের ঘটনায় আদালতে চার্জশিট দিল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে দু’হাজার পাতা চার্জশিট বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে জমা দিয়েছেন। পুলিশের দাবি, এই গুদাম নির্মাণের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের কোনও ভূমিকা ছিল না। কলকাতার প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়-সহ সাত জনের নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ঘটনার তিন মাসের মাথায় চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের দেওয়া চার্জশিটে কালীচরণ ছাড়াও পুরসভার সাব অ‍্যাসিস্টান্ট ইঞ্জিনিয়ার আমিনুল শেখের নাম রয়েছে। আমিনুলকে গত সপ্তাহে নিজের বাড়ি পুলিশ গ্রেফতার করে। আমিনুলকে কেন গ্রেফতার করা হয়েছিল, তাঁকে মুক্তির দাবিতে কলকাতা পুরসভায় ‘পেন ডাউন’ করে কর্মবিরতিও চলেছিল। এ ছাড়াও, গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, আব্দুল হামিদ, দিবাকর ভান্ডারি, কমল সামন্ত এবং লাইসেন্সের দালাল মহম্মদ গুলজারের নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা বিপর্যয়ের ঘটনার পরে বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন।

পুলিশ চার্জশিটে দাবি করেছে, এই গুদাম নির্মাণ করতে ইঞ্জিনিয়ারদের কোনও ভূমিকাই ছিল না। একটি ভুলের কারণেই যে গুদামটি ধসে পড়েছে, এমনটা নয়। ভবণ নির্মাণ করতে একাধিক গাফিলতি ছিল। চার্জশিটে যাদের নাম রয়েছে, তাদের ভূমিকা ভিন্ন ভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল। একাধিক স্তরে গাফিলতি হয়েছে। চার্জশিটে এ-ও উল্লেখ করা হয়েছে, তল্লাশির সময় টাকা উদ্ধার না হলেও, গুদাম নির্মাণ করতে বিপুল আর্থিক লেনদেনের ইঙ্গিত মিলেছে।

গত ২৪ জুন তারাতলার একটি গুদাম ধসে পড়ে। ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। নিয়ম মেনে গুদাম নির্মাণ করা হয়েছিল কি না তা নিয়ে, নকশাতে কোনও গলদ রয়েছে কি না তা খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপকদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। যে নির্মাণসামগ্রী ব‍্যবহার করা হয়েছিল তার গুণমান কী ছিল, নকশা কেমন ছিল, সেই নকশা মেনেই কাজ করা হচ্ছিল কি না—এই সমস্ত খুঁটিনাটি তাঁরা সংগ্রহ করেন। পুলিশ সূত্রের খবর, সেই বিষয়টিও এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে।


Share