Dharmatala Incident

ধর্মতলায় অশান্তির ঘটনায় গ্রেফতার আরও দু’জন, ১৪ জন ‘শুক্রবারি’-কে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

ঘটনায় রবিবার পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। সোমবার সকালে আরও দু’জন ‘শুক্রবারি’-কে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০৩:২৭

আন্দোলনের নামে গুন্ডামি, সাংবাদিকদের মারধর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার বেলায় ১৪ জন ‘শুক্রবারি’-কে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কী ঘটেছিল তা বিস্তারিত ভাবে জানতে চান তাঁরা। 

শুক্রবার বিকেল প্রশ্নফাঁস কান্ডের প্রতিবাদে সিপিএমের ছাত্র সংগঠনগুলি মিছিল করেছিল। সেই মিছিল ধর্মতলায় পৌঁছোনোর পরে আচমকাই অশান্তি বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল, জুতো ছোঁড়া হয়। পুলিশ পাল্টা মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। ঘটনায় একাধিক সাংবাদিক জখম হয়েছেন। তাঁদের হাসপাতালের চিকিৎসা করানো হয়েছে।

ওই দিন সন্ধ্যায় জখম সাংবাদিকদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি জানান, এই ঘটনার নেপথ্যে ‘শুক্রবারি’-রা রয়েছে। সেই দিন জুম্মাবার ছিল। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেন, “কাউকে রেয়াত করা হবে না। অপেক্ষা করুন।” এর পাশাপাশি বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঘটনায় ৭০ জনকে পুলিশ চিহ্নিত করেছে। তাদের মধ‍্যে চার দাগী দুষ্কৃতীদের নামও করেন। তাদের মধ্যে এক জনকে পুলিশ গ্রেফতার করেছে।

ঘটনায় রবিবার পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। সোমবার সকালে আরও দু’জন ‘শুক্রবারি’-কে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ওয়াকার আজম এবং মহম্মদ জাভেদ আখতার। আজম কড়েয়ার বাসিন্দা এবং জাভেদ কলকাতা বন্দরের নাদিয়াল থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

অন‍্য দিকে, সোমবার দুপুর ১২টার কিছু পরে ১৪ জন ধৃতকে লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে বের করে ধর্মতলার আনা হয়। তার পরে একে একে করে প্রিজন ভ্যান থেকে নামিয়ে ঘোরানো হয়। হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি শ্রাবন্তী দে-র নেতৃত্বে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। শুক্রবারের ঘটনার দিন কে কোথায় গোল পাকিয়েছিল তা জানতে চাওয়া হয়। প্রতিটা অভিযুক্ত ওই দিন কোথায় ছিল কী করেছিল তা জানতে চাওয়া হয়। প্রতিটি অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছে।


Share