Illegal Migration

ভিসার মেয়াদ শেষের পরেও অবৈধ ভাবে ভারতে বসবাস! আটক তাইল‍্যান্ডের নাগরিক, এফআরআরও-তে হস্তান্তর করল পুলিশ

ধৃতের নাম প্রকাশ করেনি পুলিশ। তিনি আদতে তাইল‍্যান্ডের সমুতপ্রখানের বাসিন্দা। কলকাতায় এসে ওই মহিলা তিলজলার চৌবাগায় থাকছিলেন। পরে টালিগঞ্জ এলাকায় চলে যান। বর্তমানে তাঁকে টালিগঞ্জের মহিলা থানায় সিসি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কলকাতা থেকে আটক এক তাইল‍্যান্ডের মহিলা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ০৩:৪৪

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে অবৈধ ভাবে বসবাস করায় তাইল‍্যান্ডের মহিলা নাগরিককে আটক করল কলকাতা পুলিশ। তাঁকে ইতিমধ্যেই এফআরআরও-র কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, কলকাতার শরৎ বসু রোডে অবস্থিত ‘সবাই নমস্তে স্পা’ নামে একটি ম‍্যাসেজ পার্লারে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের আধিকারিকেরা অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেল ৪টে ৫৫ মিনিট নাগাদ ওই পার্লারের অভিযান চালানো হয়। সেখান থেকেই তাইল‍্যান্ডের নাগরিককে আটক করা হয়।

ধৃতের নাম প্রকাশ করেনি পুলিশ। তিনি আদতে তাইল‍্যান্ডের সমুতপ্রখানের বাসিন্দা। কলকাতায় এসে ওই মহিলা তিলজলার চৌবাগায় থাকছিলেন। পরে টালিগঞ্জ এলাকায় চলে যান। সোমবার ওই মহিলাকে নিজের দেশে ফেরত পাঠানোর জন‍্য কলকাতার ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে হস্তান্তর করে দেওয়া হবে। বর্তমানে তাঁকে টালিগঞ্জের মহিলা থানায় সিসি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, গত ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মাসে তাইল‍্যান্ডের ওই মহিলা পাসপোর্ট বানান। সেই পাসপোর্টের মেয়াদ গত বছরের ২৩ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এ ছাড়াও, তিনি টুরিস্ট ভিসা নিয়ে গত ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ভারতে এসেছিলেন। এক বছর পর অর্থাৎ ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এর পরেও তিনি ভারতে অবৈধ ভাবে বসবাস করছিলেন। জিজ্ঞাসাবাদে ওই মহিলা এখানে থাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। তাই তাঁকে আটক করেছে কলকাতা পুলিশ। 

উল্লেখ্য, কলকাতা শহরে অবৈধ ভাবে বসবাসকারী বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এ টাস্ক ফোর্স গঠন করেছে কলকাতা পুলিশ। নাম রাখা হয়েছে এসটিএফ-ডি। কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। মোট চার জনকে এই টাস্কফোর্সে রাখা হয়েছে। কী ভাবে এই টাস্ক ফোর্স কাজ করবে তার বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিলেন তিনি। এই আটক সেই অভিযোগের অংশ হিসেবেই মনে করা হচ্ছে।


Share