জিরো এফআইআরের পরেও থানায় অভিযোগ দায়ের হতে বিলম্ব হচ্ছে, সমস্ত থানার ওসিদের নির্দেশ জারি করলেন কমিশনার অজয়কুমার নন্দ

জিরো এফআইআর দায়ের করার ক্ষেত্রে যাতে দেরি না হয়, বা তা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয় তার জন‍্যই পাঁচটি নির্দেশিকা কঠোর ভাবে পালন করতে নির্দেশ দিয়েছে লালবাজার।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ০৬:০২

জিরো এফআইআর দায়ের হয়েছে তার পরেও নির্দিষ্ট থানায় অভিযোগ দায় করতে দেরি করছে। তা একেবারেই বরদাস্ত করা হবে না। রবিবার সেই মর্মে নির্দেশ জারি করলেন কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট থানায় ‘নিয়মিত’ এফআইআর দায়ের করতে অস্বাভাবিক বিলম্ব হওয়ায় ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি ব্যাহত হচ্ছে। পাশাপাশি সেই মামলার ক্ষেত্রে বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রবিবার দুপুরে কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ জিরো এফআইআর সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। তাতে বলে হয়েছে— জিরো এফআইআর নথিভুক্তকরণের পরে থানার ওসি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য যে থানায় পাঠাবেন, সেই থানার ওসির সঙ্গে তাঁকে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করতে হবে। জিরো এফআইআর দায়ের করার করার সময় অভিযোগকারী যে তথ‍্য দিয়েছে, তা সংশ্লিষ্ট থানার ওসিকে স্থানান্তরকারী থানার ওসিকে হস্তান্তর দিতে হবে।

যে থানায় ‘নিয়মিত’ এফআইআর দায়ের হবে, সেই মামলার ক্ষেত্রে কী পদক্ষেপ করা হল তা অভিযোগকারীকে স্পষ্ট ভাবে জানাতে হবে। যে থানায় জিরো এফআইআরটি পাঠানো হচ্ছে, সেই থানার ওসির ফোন নম্বর অভিযোগকারীকে জানাতে হবে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত জিরো এফআইআর নথিভুক্তকরণ এবং তার স্থানান্তরের বিষয়টি অবিলম্বে সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি কমিশনারকে জানাতে হবে বলেও কমিশনার নির্দেশ দিয়েছেন। 

জিরো এফআইআর দায়ের করার ক্ষেত্রে যাতে দেরি না হয়, বা তা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয় তার জন‍্যই পাঁচটি নির্দেশিকা কঠোর ভাবে পালন করতে নির্দেশ দিয়েছে লালবাজার।

গুরুতর অপরাধের ক্ষেত্রে যাতে সময় নষ্ট না হয় তার জন্য নিকটবর্তী থানায় এই জিরো এফআইআর দায়ের করার আইন রয়েছে। ভারতীয় ন‍্যায় সংহিতার ১৭৩ নম্বর ধারায় যে কোনও থানার আধিকারিক জিরো এফআইআর দায়ের করতে পারেন। পরে তা দ্রুত অপরাধস্থল যে থানার অধীনে পড়ছে, সেই থানায় পাঠিয়ে দেন। তবে জিরো এফআইআর স্থানান্তরিত করতে কলকাতা পুলিশের অধীনে থাকা থানাগুলি বিলম্ব দেখাচ্ছে। তাই এই নির্দেশিকা জারি করলেন কমিশনার।


Share