Police Injured

কালীপুজোর রাতে বাজি ফাটানো ঘিরে শহরের দুই প্রান্তে আক্রান্ত পুলিশ! তিলজলা ও নেতাজিনগরের ঘটনায় গ্রেফতার তিন জন

কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি রুখতে গিয়ে শহরের দুই প্রান্তে আক্রান্ত পুলিশকর্মীরা। তিলজলা ও নেতাজিনগরের পৃথক ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজি ফাটানো নিয়ে বচসা থেকেই হামলার ঘটনা বলে অভিযোগ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০২:১৯

কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজির দাপট সামাল দিতে গিয়ে শহরের দুই প্রান্তে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। পূর্ব কলকাতার তিলজলা এবং দক্ষিণ কলকাতার নেতাজিনগরে পরপর দু’টি ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে। দুই জায়গার ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেতাজিনগরের এন এস রোডে গভীর রাতে বাজি ফাটাচ্ছিলেন দুই যুবক। সেই সময় এলাকায় টহলদারিতে ছিলেন নেতাজিনগর থানার দুই পুলিশকর্মী। তাঁদের নজরে পড়তেই যুবকদের কাছে গিয়ে বাজি ফাটানোর কারণ জানতে চান তাঁরা। আদালতের নির্দেশ অমান্য করে এত রাতে কেন বাজি ফাটানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পুলিশকর্মীরা। যদিও ওই দুই যুবকের দাবি ছিল, তাঁরা শব্দবাজি ফাটাচ্ছিলেন না। এই নিয়েই শুরু হয় বচসা।

অভিযোগ, কথা কাটাকাটির মধ্যেই দুই যুবক পুলিশকর্মীদের উপর চড়াও হন। রাস্তায় ফেলে তাঁদের মারধর করা হয়। এমনকী, আক্রান্ত পুলিশকর্মীদের পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে না পেরে কোনওরকমে তাঁরা থানায় ফোন করে খবর দেন। এরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের নাম রাহুল সিং ও মনীশ সিং।

অন্যদিকে, একই রাতে তিলজলাতেও পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ সামনে এসেছে। সেখানে নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নিষিদ্ধ বাজি ফাটানো হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে তিলজলা থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে বাজি ফাটাতে নিষেধ করেন। আইন অমান্য করলে পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করা হয়। এরপরই পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যুবক। অভিযোগ, এক পুলিশকর্মীকে মারধর করেন তিনি। এই ঘটনায় সায়ন বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

কালীপুজোর রাতে শহরের দুই প্রান্তে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বাজির দাপট নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা ঘিরেই এই দুই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।


Share