KMC

পুজোর সময় অতিরিক্ত কাজ করেও মেলেনি পারিশ্রমিক পরিবর্তে দেওয়া হবে ছুটি! কলকাতা পুরসভায় বিক্ষোভ স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মীদের

পুজোর সময় অতিরিক্ত কাজের বিনিময়ে পারিশ্রমিকের বদলে পাঁচ দিনের ছুটি দেওয়ার প্রস্তাব, এই অভিযোগ তুলে কলকাতা পুরসভায় বিক্ষোভ দেখালেন স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি, লিখিত সার্কুলার ছাড়াই মৌখিক নির্দেশে কাজ করানো হয়েছে।

কলকাতা পুরসভায় অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বেতনের পরিবর্তে দেওয়া হবে ছুটি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ০৬:২৪

পুজোর মরশুমেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মীরা। তবুও মিলছে না প্রতিশ্রুত পারিশ্রমিক। কাজের পরিবর্তে দেওয়া হবে, পাঁচ দিন ছুটি। মিলবে না কোন পারিশ্রমিক। এই অভিযোগকে কেন্দ্র করে স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা কলকাতা পুরসভায় বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, পুজোর সময় স্বাভাবিক কাজের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজের বিনিময়ে পুর কর্তৃপক্ষ নির্দিষ্ট টাকা দেওয়ার আশ্বাসও দিয়েছিল। কিন্তু কাজ করিয়ে নেওয়ার পরও এখনও পর্যন্ত সেই পারিশ্রমিক মেলেনি। ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

বিক্ষোভকারী কর্মীদের দাবি, পুজোর সময় পুরসভার তরফে তাঁদের অতিরিক্ত কাজের দায়িত্ব দেওয়া হয়। সেই সময় জানানো হয়েছিল, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য আলাদা করে পারিশ্রমিক দেওয়া হবে। পুর কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতেই তাঁরা পুজোর দিনগুলিতে বাড়তি কাজ করতে সম্মত হন। সেই অনুযায়ী দায়িত্বও পালন করেছেন। কিন্তু পুজো মিটে যাওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী টাকা তাঁরা পাননি। কাজ করিয়ে নেওয়ার পর পারিশ্রমিক দেওয়ার বিষয়ে পুর কর্তৃপক্ষের তরফে আর কোনও কার্যকর পদক্ষেপ করা হচ্ছে না বলেই অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করেই কলকাতা পুরসভায় বিক্ষোভে সামিল হন স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। তাঁদের বক্তব্য, অতিরিক্ত কাজের দায়িত্ব দেওয়ার আগে পারিশ্রমিকের আশ্বাস দেওয়া হয়েছিল। অথচ কাজ শেষ হওয়ার পর সেই টাকা পাওয়ার জন্য তাঁদের বিক্ষোভ দেখাতে হচ্ছে। 

তাঁদের আরও অভিযোগ, অতিরিক্ত কাজের জন্য কোনও সরকারি বিজ্ঞপ্তি বা লিখিত সার্কুলার জারি করা হয়নি। শুধুমাত্র মৌখিক নির্দেশের ভিত্তিতেই তাঁদের দিয়ে কাজ করানো হয়েছে। পাশাপাশি একসঙ্গে দু'দিন ছুটি দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে বলে তারা জানিয়েছেন। এমনকী চলতি বছরের মার্চ মাসের মধ্যেই নির্দিষ্ট ছুটির কোটা সম্পূর্ণ করার নির্দেশও রয়েছে। এখন দেখার, স্বাস্থ্য বিভাগের এই অস্থায়ী কর্মীদের বিক্ষোভের পর কলকাতা পুর কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে।


Share