Kolkata Municipal Corporation

হাইকোর্টে নির্দেশের পরে ১৯ জুন পুরসভার অধিবেশন ডাকলেন মালা রায়, ফিরহাদের ইস্তফা নিয়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত কলকাতায়

আদালতের রায়ের পর তিনি ১৯ জুন পুরসভার অধিবেশন ডেকেছেন। এদিকে মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা নিয়ে প্রশ্ন করা হলে মালা রায় জানান, তাঁর কাছে এখনও কোনও ইস্তফাপত্র জমা পড়েনি।

সাংবাদিক বৈঠকে মালা রায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১০:৪৬

কলকাতা পুরসভার অধিবেশন কবে হবে তা নিয়ে জল্পনা চলছিল। ইতিমধ্যে কলকাতা হাই কোর্ট এই মামলায় নির্দেশ দিয়েছে। তবে আইনি জটিলতার অবসান ঘটিয়ে হাইকোর্টে পুরসভা জয় পেয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কলকাতা পুরসভার আইন অনুযায়ী অধিবেশন আহ্বান, স্থগিত বা পিছিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র  চেয়ারপার্সনের হাতেই রয়েছে। হাইকোর্টের এই রায়ের পরই মালা রায় ঘোষণা করেছেন, আগামী ১৯ জুন কলকাতা পুরসভার অধিবেশন অনুষ্ঠিত হবে।

তবে অধিবেশন নিয়ে জট কাটলেও পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা দেবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এ দিন সেই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মালা রায় কার্যত দায় এড়িয়ে যান। তিনি জানান, মেয়রের তরফে এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও ইস্তফাপত্র জমা পড়েনি। ফলে ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে যে জল্পনা চলছে, সে বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য তিনি করতে চাননি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এক দিকে হাইকোর্টের রায়ে চেয়ারপার্সনের সাংবিধানিক ক্ষমতা আরও দৃঢ় হল। অন্য দিকে, মেয়রের পদত্যাগ নিয়ে অনিশ্চয়তায় কলকাতা পুরসভার অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সব নজর এখন ১৯ জুনের অধিবেশনের দিকে। ওই বৈঠকে প্রশাসনিক ও রাজনৈতিক— দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।


Share