KMC Election

কলকাতার ২০৯টি ওয়ার্ডেই বিজেপির নেতা-কর্মীদের কো-অর্ডিনেটর করার সিদ্ধান্তে শমীকের সায়, পুরভোটের প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল পদ্ম শিবিরের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিজেপি নিজেদের দলের লোকজনকেই কোঅর্ডিনেটর করবে। এই সিদ্ধান্তের জেরে নতুন করে পুরভোটের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজেও গতি এসেছে পদ্ম শিবিরে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০২:৩০

কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডে কোঅর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে বিজেপির নেতা-কর্মীদেরই বসানোর সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে বঙ্গ–বিজেপি নেতৃত্বের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিজেপি নিজেদের দলের লোকজনকেই কো-অর্ডিনেটর করবে। এই সিদ্ধান্তের জেরে নতুন করে পুরভোটের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজেও গতি এসেছে পদ্ম শিবিরে। দলীয় সূত্রে খবর, বিভিন্ন ওয়ার্ডে যাঁদের প্রার্থী করার কথা ভাবা হচ্ছে, আপাতত তাঁদেরই কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ঘিরে আইনি জটিলতার কারণে আপাতত অনিশ্চিত পুরভোট। ডিলিমিটেশনের মাধ্যমে কলকাতায় ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। সিঙ্গল বেঞ্চে স্বস্তি না মেলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা। সেখানে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় পদ্ধতিগত ত্রুটির অভিযোগ ওঠে। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচন করা যাবে না। ফলে কার্যত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় পুরভোট। এই পরিস্থিতিতে বিজেপির অন্দরেও প্রশ্ন উঠেছিল, নির্বাচনই যদি না হয়, তা হলে এখনই প্রার্থী বাছাই করে কী লাভ?

তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। শীর্ষ আদালত পুরভোটে আপত্তি জানালে ৩০ নভেম্বরের পর কলকাতার ২০৯টি ওয়ার্ডেই কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। আর সেই দায়িত্বে থাকবেন বিজেপির নেতা-কর্মীরাই। বুধবার এই সিদ্ধান্তে সায় দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “আমি তো আর সিপিএম পার্টি অফিস থেকে লোক ধরে এনে কোঅর্ডিনেটর করব না। অথবা তৃণমূলের কোনও চিহ্নিত দুর্নীতিগ্রস্তকেও কোঅর্ডিনেটর পদে বসাব না। আমরা তো চাই, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের প্রার্থীরা জিতে আসুন। কিছু মানুষ যদি এতে বাধা সৃষ্টি করে, আমাদের কী করার আছে?”

বিজেপির রাজ্য সভাপতির আরও বক্তব্য, যাঁরা ভোট লুট করে কাউন্সিলর হয়েছিলেন, তাঁদের কোঅর্ডিনেটর করা সম্ভব নয়। তাই স্বাভাবিক ভাবেই দলের স্থানীয় নেতা-কর্মীদেরই এই দায়িত্ব দেওয়া হবে। তবে এই পরিস্থিতি বিজেপিও চায় না বলে দাবি শমীকের। তাঁর কথায়, কলকাতার মানুষকে পরিষেবা দিতে হবে। কাউন্সিলর না থাকলে সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা জানাবেন কোথায়? তাই আদালত দ্রুত রায় পুনর্বিবেচনা করে সমস্যার সমাধান করবে বলেই আশা তাঁর।

কলকাতা পুরভোটের দায়িত্ব বিজেপির তরফে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তাঁর বক্তব্য, দ্রুত নির্বাচন হোক এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাই পুরসভা পরিচালনা করুন, এটাই চায় বিজেপি। আদালতের কাছে মামলার দ্রুত নিষ্পত্তির আবেদনও জানিয়েছেন তিনি। তবে ততদিন তৃণমূলের ‘চোর কাউন্সিলরদের’ হাতে ওয়ার্ড ছেড়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন সুকান্ত। তাঁর দাবি, বিরোধীরা আদালতের দ্বারস্থ না হলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে পুরবোর্ড গঠন সম্ভব হত।

অন্য দিকে, বিজেপির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, বিজেপি আদতে কলকাতা পুরসভার নির্বাচন চাইছে না। বরং ঘুরপথে শহরের প্রতিটি ওয়ার্ডে নিজেদের দলের লোকজনকে কাউন্সিলরের মতো বসাতে চাইছে। তাঁর মতে, নির্বাচন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদেরই কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া উচিত।


Share