Kolkata Rain

সকাল থেকে শহরে বৃষ্টি অব্যাহত, জলে ডুবেছে একাধিক রাস্তা, আট ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মিমি বৃষ্টি, জানাল পুরসভা

কলকাতা পুরসভার রিপোর্ট অনুযায়ী, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ২১টি পাম্পিং স্টেশনে মোট ৫৫০.৯ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে, সর্বোচ্চ ৫৫ মিমি পালানা ব্রিজে।

বৃষ্টিতে ডুবেছে শহরের একাধিক রাস্তা
অনুষ্কা দে, কলকাতা
  • শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৬

বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি চলছে। মঙ্গলবারের পর বুধবারও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। টানা ও বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শহরের একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টাতেও কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই কলকাতায় বৃষ্টির পরিমাণের ছবি সামনে এসেছে কলকাতা পুরসভার। পুরসভার জলনিষ্কাশন বিভাগের কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, ২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ২১টি পাম্পিং স্টেশনে মোট ৫৫০.৯ মিমি বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।

এই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পালানা ব্রিজে— ৫৫ মিমি। এ ছাড়াও, বালিগঞ্জে ৪৩ মিমি, বেলগাছিয়া ও মোমিনপুরে ৪১ মিমি করে, তোপসিয়ায় ৪৫ মিমি এবং ঠাকুরপুকুরে ৩৬ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। মানিকতলায় ২৯ মিমি, কুলতলায় ২৮ মিমি, বীরপাড়ায় ২৭ মিমি, কালিঘাটে ২৬.৬ মিমি, জোড়াসাঁকোয় ২৫ মিমি, দত্তবাগানে ২৫ মিমি এবং পাগলাডাঙায় ২২ মিমি বৃষ্টিপাত হয়েছে।

ফলে একদিকে যেমন কলকাতায় ফের জলযন্ত্রণার আশঙ্কা তৈরি হয়েছে। যানচলাচলের গতি কিছুটা কমেছে। অন‍্য দিকে, আগামী কয়েক ঘণ্টা শহরবাসীকে বৃষ্টির দুর্ভোগের মধ্যেই দিন কাটাতে হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির দাপট থাকবে। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


Share