Kolkata Municipal Corporation

পুরভোটের আগেই ভোলবদল কলকাতা পুরসভার অধিবেশন কক্ষের, আসন বেড়ে হচ্ছে ২০৯, বাড়ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও

আসন্ন পুরভোটের আগেই কলকাতা পুরসভার অধিবেশন কক্ষের আসন সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার তোড়জোড় শুরু হয়েছে।পিছনের সারি ও আপার স্ট্যান্ডে অতিরিক্ত আসন বসানোর পাশাপাশি কক্ষে আরও আট টন এসি যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে পুর কর্তৃপক্ষ।

কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে চলছে সিট বাড়ানোর তোড়জোড়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ০৫:০২

রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। বদলেছে পুরসভার সমীকরণও। রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতা পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে পুরসভার সম্পূর্ণ প্রশাসনিক দায়িত্ব রয়েছে সরকার নিযুক্ত পুর কমিশনার স্মিতা পান্ডের হাতে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ টি করার কথা জানান হয়েছে। তবে এই ডিলিমিটেশন প্রক্রিয়া বর্তমানে আইনি জটিলতা ও আদালতের শুনানির মধ্যে রয়েছে। এরই মধ্যে পুর কর্তৃপক্ষের আসন্ন পুর নির্বাচনের আগেই কলকাতা পুরসভার অধিবেশন কক্ষের পরিকাঠামো উন্নয়নের জোরকদমে প্রস্তুতি শুরু করল। যেখানে আসন সংখ্যা ১৪৪ থেকে এক ধাক্কায় ৬৫টি বাড়িয়ে মোট ২০৯ করার তোড়জোড় চলছে।

পুর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, অধিবেশন কক্ষের অভ্যন্তরীণ পরিকাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। কক্ষের একদম পিছনের দিকে একটি অতিরিক্ত সারি যুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, অধিবেশন কক্ষের আপার স্ট্যান্ডেও বসানো হবে অতিরিক্ত আসন।

আসন সংখ্যা বৃদ্ধির ফলে অধিবেশন চলাকালীন কক্ষে ভিড় ও গরম বাড়ার সম্ভাবনা থাকছে। সেই কথা মাথায় রেখে কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষমতাও বাড়ানো হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, অধিবেশন কক্ষের জন্য অতিরিক্ত মোট আট টন এসি-র ব্যবস্থা করা হয়েছে।

পুরভোটের আগে অধিবেশন কক্ষের এই সংস্কার ও আসন বৃদ্ধির তোড়জোড় ঘিরে ইতিমধ্যেই পুরসভার অন্দরে তৎপরতা তুঙ্গে।


Share